পঞ্চগড়ে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে বিবদমান দুটি পরিবহন শ্রমিক সংগঠনের মধ্যে গতকাল শনিবার সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। শহরের তেলীপাড়ার ট্রাক টার্মিনালের সামনে সংঘটিত এ সংঘর্ষের পর উভয় পক্ষ রাস্তা অবরোধ করায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে গতকাল চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। জানা গেছে, পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন থেকে নিজেদের বৈধ এবং পরস্পরকে অবৈধ সংগঠন বলে দাবি করে আসছে। উভয় সংগঠনই দাবি করে আসছে, ওই এলাকায় ট্রাকসহ অন্যান্য মোটরযানে মালামাল বোঝাই ও খালাসের বৈধ অধিকার একমাত্র তাদেরই।গতকাল উভয় সংগঠনের নেতা-কর্মীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সকাল ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন শ্রমিক আহত হন। সংঘর্ষের পর উভয় পক্ষ মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমির উদ্দিন উভয় সংগঠনের নেতাদের নিয়ে আজ রোববার সমঝোতা বৈঠকে বসার ঘোষণা দিলে দুপুর দুইটায় শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যান। পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রেণু মিয়া নিজেদের বৈধ সংগঠন দাবি করে বলেন, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিকেরা একটি ট্রাক রাস্তায় ফেলে সড়ক অবরোধ করলে তাঁদের সংগঠনের সদস্যরা ট্রাকটি সরাতে যান। তখন ট্যাংকলরি শ্রমিকেরা তাঁদের ওপর হামলা চালান। এতে মোটর পরিবহন সংগঠনের ১০ সদস্য আহত হন।পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জসিদুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা বৈধ সংগঠন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অবৈধতার বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।