পঞ্চগড়ে পাথর ও বালু বিক্রি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকশিশের নামে চাঁদাবাজি ও ট্রাকে ওঠানো-নামানোতে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে পঞ্চগড়ের পাথর ও বালু ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য পাথর ও বালু বিক্রি বন্ধ রেখেছেন। এতে আটকে পড়েছে কয়েক শ ট্রাক।
কয়েকজন ব্যবসায়ী বলেন, জেলা প্রশাসন কর্তৃক প্রতি ঘনফুট পাথর ও বালু ট্রাকে ওঠানো ও নামানোতে ১ দশমিক ৯০ টাকা নির্ধারিত থাকলেও শ্রমিকেরা ব্যবসায়ীদের জিম্মি করে দুই থেকে তিন টাকা আদায় করছেন। সর্বশেষ গত ২০ জুন জেলার মোটর মালিক সমিতির কার্যালয়ে শ্রমিক ও ব্যবসায়ীরা যৌথ সভা করে ট্রাকে ওঠানো ও নামানো ফি ২ দশমিক ২০ টাকা নির্ধারণ করেন। কিন্তু শ্রমিকেরা দাবি তোলেন তিন টাকার। এ ছাড়া ট্রাকে ওঠানো ও নামানো ফি বাদে প্রতি গাড়ি থেকে শ্রমিকেরা ৭০০ থেকে ৮০০ টাকা বকশিশ নিচ্ছেন। এ জন্য পাথর ও বালু ব্যবসায়ী গত মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পাথর ও বালু বিক্রি বন্ধ রেখেছেন।
কয়েকজন শ্রমিক বলেন, সবকিছুর মূল্য বৃদ্ধি পেলেও শ্রমিকদের মজুরি বাড়েনি। তাই তাঁরা পাথর ও বালু ট্রাকে ওঠানো ও নামানো বাবদ প্রতি ঘনফুটে তিন টাকা দাবি করেছেন। আর চালকেরা ইচ্ছে করে শ্রমিকদের বকশিশ দেন, তাতে ব্যবসায়ীদের ক্ষতি হয় না। ঈদের আগে ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়ে শ্রমিকদের পেটে লাথি মারছেন।