পঞ্চগড়ে পাথর-বালুশ্রমিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথর-বালু ট্রাকে ওঠানো-নামানোর ফি বৃদ্ধির দাবিতে ও পাথর-বালু ব্যবসায়ীর যৌথ ফেডারেশনের ডাকা ধর্মঘটের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে পঞ্চগড়ের পাথর শ্রমিকেরা। পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের তিরনইহাটে গতকাল শনিবার বেলা একটা থেকে দুইটা পর্যন্ত ওই মানববন্ধন হয়। পরে তাঁরা সমাবেশ করেন।
কয়েকজন শ্রমিক বলেন, তেঁতুলিয়া পাথর-বালু ওঠানো-নামানো শ্রমিক ইউনিয়নের আয়োজনে ওই মানববন্ধন হয়। এতে সহস্রাধিক শ্রমিক অংশ নেন। মানববন্ধনে পাথর-বালু ট্রাকে ওঠানো ও নামানোর ফি ৩ দশমিক ৫০ টাকা করার দাবি জানান শ্রমিকেরা। তাঁরা বলেন, পাথর-বালুর দাম বাড়লেও প্রায় তিন বছর ধরে তাঁদের ফি বাড়াচ্ছেন না ব্যবসায়ীরা। বরং ব্যবসায়ীরা ২১ জুন থেকে অন্যায়ভাবে পাথর-বালু বিক্রি বন্ধ করে দেন। এতে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তাঁদের দাবি না মানলে কাফনের কাপড় পরে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। পরে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন তেঁতুলিয়া উপজেলা পাথর-বালু ওঠানো-নামানো লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি রঞ্জু মাসুদ, সহসভাপতি হাসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
এদিকে বকশিশের নামে চাঁদাবাজি ও পাথর-বালু ওঠানো-নামানোর অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে পঞ্চগড়ের পাথর-বালু ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য পাথর-বালু বিক্রি বন্ধের ধর্মঘট গতকালও অব্যাহত ছিল। তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে পঞ্চগড় চেম্বার অব কমার্স, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন।