এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে—এ কথা বন্ধুবান্ধবকে গর্বভরে বলেছিলেন তাঁরা। কিন্তু ফাইনালে বাংলাদেশ ক্রিকেট দলের পরাজয়ের দৃশ্য টেলিভিশনে দেখে সইতে পারেননি পঞ্চগড়ের আজিজুল ইসলাম ও নরসিংদীর রুবেল মিয়া। খেলা শেষ হওয়ার পরপরই হার্ট অ্যাটাকে আজিজুল ইসলামের (৫৫) মৃত্যু হয়। অপর ক্রিকেটপ্রেমী রুবেল মিয়া (২৫) বিষপানে আত্মহত্যা করেন। আজিজুল পঞ্চগড়ের জালাসীপাড়ার বাসিন্দা। তাঁর পরিবার সূত্র জানায়, জালাসী মোড়ে নিজের পানের দোকানে বসে গত বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার খেলা দেখছিলেন আজিজুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে বলে বন্ধুবান্ধবের কাছে দৃঢ় আশার কথা বলেছিলেন আজিজুল। প্রিয় দল বাংলাদেশ মাত্র ২ রানে হেরে যাওয়ার পরপরই তাঁর হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নরসিংদীতে তরুণের আত্মহত্যা: নরসিংদীর বেলাব উপজেলার চর বেলাব গ্রামের তরুণ রুবেল মিয়ার পরিবার সূত্র জানায়, বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে বসে বৃহস্পতিবার রাতে তিনি খেলা দেখেন। বাংলাদেশের পরাজয়ের পর রুবেল কান্নায় ভেঙে পড়েন এবং ঘর ছেড়ে বেরিয়ে যান। কিছুক্ষণ পর ফিরে এলে তাঁকে অসুস্থ দেখায়। একপর্যায়ে শ্বাসকষ্ট দেখা দিলে পরিবারের লোকজন তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোরে রুবেলের মৃত্যু হয়।জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, শরীরে অতিরিক্ত বিষের মাত্রা ছড়িয়ে পড়ায় রুবেলের মৃত্যু হয়। রুবেল কাঠমিস্ত্রির কাজ করতেন। তাঁর ভাই মো. ইকবাল মিয়া বলেন, ‘রুবেল আবেগপ্রবণ ছিল। সে বাংলাদেশ দল ও ক্রিকেটার সাকিব আল হাসানের একনিষ্ঠ ভক্ত ছিল। মাত্র ২ রানে প্রিয় দলের পরাজয় সে মেনে নিতে পারেনি। তাই বলে সে বিষপান করবে, এটা বুঝতে পারিনি।’