পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী ও পঞ্চগড়ে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার নীলফামারীর ডোমার উপজেলায় একই পরিবারের দুই শিশু এবং পঞ্চগড়ের সদর উপজেলার দুটি ইউনিয়নে আরও দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে। প্রথম আলোর নীলফামারী ও পঞ্চগড় প্রতিনিধিদের পাঠানো খবর থেকে এ তথ্য জানা গেছে।

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা গ্রামের এক পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। বুধবার বিকেল চারটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হলো মৌজাপাঙ্গা গ্রামের দিলীপ মিয়ার ছেলে তানজিদ ইসলাম (৪) ও পার্শ্ববর্তী ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের উত্তর গয়াবাড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে জান্নাতুন (৪)। এরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন।
পাঙ্গামটকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জান্নাতুন প্রায় ১০ দিন আগে ডিমলা থেকে তার মা বিজলি বেগমের সঙ্গে মামা দিলীপ মিয়ার বাড়ি বেড়াতে আসে। বুধবার দুপুরের পর শিশু দুটি সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে নামলে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজ করেও তাদের পাননি। বিকেল চারটার দিকে দুই শিশুর লাশ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডোমার থানার উপপরিদর্শক (এসআই) আরমান আলী।

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ও ধাক্কামারা ইউনিয়নে আজ বুধবার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলো নিশাত ইসলাম (৪) ও তানহা (৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভান্ডারু গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে নিশাত ইসলাম আজ বুধবার বেলা দুইটার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।
একই উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পূর্ব শিকারপুর গ্রামের মামুনের মেয়ে তানহা আজ বেলা ১১টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুল আলম পানিতে ডুবে শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।