পঞ্চগড়ে পুলিশের চাঁদাবাজি হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে অটোবাইকচালক ও মালিকেরা বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভজনপুর বাজারে ওই বিক্ষোভ সমাবেশ হয়।
বিক্ষোভ সমাবেশে কয়েকজন শ্রমিকনেতা ও অটোবাইকের মালিকেরা বক্তব্য দেন। এ সময় শ্রমিকনেতা মুক্তারুল হক বলেন, ভজনপুর হাইওয়ে থানার পুলিশের হয়রানির শিকার হয়ে অনেক অটোচালক ও মালিক রাস্তায় বসেছেন। অধিকাংশ অটোবাইকের মালিক ও চালকেরা কিস্তির মাধ্যমে অটোবাইক কিনেছেন। দিনে কিস্তিসহ খরচ বাদ দিয়ে ২০০-৩০০ টাকা তাঁদের থাকে। এখান থেকে পুলিশকে টাকা দিতে হয়। তিনি ৪৮ ঘণ্টার মধ্যে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ না হলে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দেন।
সমাবেশে কয়েকজন চালক অভিযোগ করে বলেন, হাইওয়ে পুলিশকে প্রতি মাসে ১০০-২০০ টাকা চাঁদা দিতে হয়। না দিলে তারা নানা রকম হয়রানি করে।
ওই বিক্ষোভ সমাবেশে উপজেলার সহস্রাধিক অটোবাইকচালক, মালিক ও শ্রমিকনেতা অংশ নেন।
তবে এ ব্যাপারে জানতে চাইলে ভজনপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে থ্রি হুইলার, অটোবাইক, অটোরিকশা চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ওসি এনামুল হক প্রধান আরও বলেন, আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অমান্য করে যাঁরা মহাসড়কে এসব পরিবহন চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এ জন্যই অটোবাইকের মালিক ও চালকেরা পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি আর হয়রানির অভিযোগ করছেন।