পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার কর্মসূচি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার কর্মসূচি (মিড-ডে-মিল)। চল স্কুলে যাই দুপুরে খাই স্লোগান নিয়ে বোদা উপজেলার নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্থানীয় উদ্যোগে মঙ্গলবার এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৬৫ সালে স্থাপিত এই বিদ্যালয়ের ৩০৩ জন শিক্ষার্থী ও সাতজন শিক্ষক রয়েছেন। ঝরে পড়া রোধ, শতভাগ উপস্থিতি নিশ্চিত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় উদ্যোগে, অভিভাবকদের মুষ্টির চাল ও বিভিন্ন ব্যক্তিদের সহযোগিতা নিয়ে একটি তহবিলের মাধ্যমে বিদ্যালয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া একটায় স্কুলের বিরতির সময় শিক্ষার্থীদের খিচুড়ি খাওয়ানো হয়। দুপুরে খাওয়ার নিয়মকানুন আগেই জানিয়ে দেওয়া হয়। সপ্তাহে তিন দিন খিচুড়ি ও তিন দিন সবজি-ডাল খাওয়ানো হবে বলে জানানো হয়েছে। প্রথম দিন ৩০ কেজি চাল, পাঁচ কেজি ডাল আর পাঁচ কেজি আলু দিয়ে খিচুড়ি রান্না করা হয়। শিশুদের মায়েরা স্বেচ্ছায় এই খাবার পালা করে রান্না করবেন। প্রতিদিন তিনজন মা এ খাবার রান্না করবেন বলে রাজি হয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কাশেম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরাসহ অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।