পঞ্চগড়ে ফলদ বৃক্ষমেলা নিষ্ফলের আশঙ্কা
পঞ্চগড়ে জোড়াতালি দিয়ে চলছে পক্ষকালব্যাপী ফলদ বৃক্ষমেলা। আয়োজকদের গাফিলতির কারণে বিপাকে পড়েছেন নার্সারি মালিকেরা। ক্রেতা কম হওয়ায় তাঁরা লোকসানের আশঙ্কা করছেন।
নার্সারি মালিকদের অভিযোগ, তাঁরা প্রয়োজনীয় সুবিধা পাচ্ছেন না। পর্যাপ্ত আলো ও পানির ব্যবস্থা নেই। নেই কোনো প্রচারণা। বৃক্ষমেলার জন্য বরাদ্দ অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তারা লুটপাট করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো খবর নেই। তাই ১৫ দিনের এ মেলায় পাঁচ দিনেই ভাঙনের সুর উঠেছে। ভবিষ্যতে প্রশাসনের আহ্বানে এমন মেলায় আর অংশ নেবেন না বলেও জানিয়েছেন তাঁরা।
মেলার আয়োজক ও ভারপ্রাপ্ত সহকারী বনরক্ষক আয়নাল হক বলেন, ‘একটা মেলা করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, সে তুলনায় বরাদ্দ খুবই কম। তা ছাড়া আমরা সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা তাদের ব্যাপার। আমরা তাদের ব্যাপারে কিছুই বলতে পারব না।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, ‘বৃক্ষমেলা পাঁচ দিন করার কথা। এ জন্য বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৫৫ হাজার টাকা। কিন্তু নার্সারি মালিকদের দাবির মুখে মেলার মেয়াদ ১৫ দিন করা হয়েছে। এ অর্থ দিয়ে ১৫ দিনের মেলা করা সম্ভব নয়।’
বৃক্ষমেলায় অংশ নেওয়া অন্তর নার্সারির মালিক মাসুদ রানা বলেন, ‘এর আগে আমি বৃক্ষমেলায় অংশ নিয়ে একাধিক পুরস্কার পেয়েছি। এবারের বৃক্ষমেলার চিত্র ভিন্ন। উদ্বোধনের পর থেকে কোনো কর্মকর্তা আমাদের খোঁজখবর নিতে আসেননি।’
সাইফুল প্রযুক্তি নার্সারির মালিক হোসেন আলী বলেন, ‘তেঁতুলিয়া উপজেলা থেকে প্রতিবছরের মতো এবারও এ মেলায় অংশ নিয়েছি। আগে মেলার প্রচারণা থাকত, বৃক্ষ সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হতো। এবার এর কিছুই নেই। স্টলপ্রতি ২৫ ওয়াটের একটি করে বাতি (বাল্ব) দিয়েছে। তা দিয়ে গাছ ঠিকভাবে চেনা যায় না। সন্ধ্যার পর মনে হয় ভুতুড়ে অবস্থা। শৌচাগারের ব্যবস্থা নেই। পানিসংকটে চারায় ঠিকভাবে পানি দিতে পারছি না।’
জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি ও মরিয়ম নার্সারির মালিক আবুল কালাম আজাদ বলেন, ‘মেলার প্রস্তুতি সভায় জেলা প্রশাসক যে নির্দেশ দিয়েছেন, তার কোনোটাই আমরা পাচ্ছি না। বৃষ্টি এলে স্টলে থাকা যায় না। এভাবে চললে এবারই আমাদের শেষ মেলা। আমরা আর এ মেলায় অংশ নেব না।’
গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে স্থানীয় সরকারি মিলনায়তন চত্বরে এ মেলার আয়োজন করেছে। মেলায় ১৪টি স্টলে বিভিন্ন প্রকার ফলদ, বনজ ও ঔষধি গাছ প্রদর্শন করা হচ্ছে। তবে শুরু থেকে ক্রেতা কম হওয়ায় এবার লোকসানে পড়বেন বলে নার্সারি মালিকেরা আশঙ্কা করছেন।