পঞ্চগড়ে বন বিভাগের অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে বিক্ষোভ

বন বিভাগের অবৈধ দখলে থাকা জমি উদ্ধারের দাবিতে গতকাল রোববার পঞ্চগড় শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ‘বোদা ও দেবীগঞ্জ উপজেলা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত ভূমি মালিক’ ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বর থেকে মিছিল বের করা হয়। এতে বিভিন্ন স্লোগান-সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে জমির পাঁচ শতাধিক মালিক অংশ নেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন। এতে তাঁরা ফরেস্ট সেটেলমেন্ট আদালতের রায় বাস্তবায়ন, ১৯২৭ সালের ফরেস্ট আইনের ছয় ধারা বাতিল, জমির ভোগদখল নিশ্চিত করা, খাজনা নিয়ে নাম জারি করা ও বন বিভাগের নামে রেকর্ড বাতিল করার দাবি করেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আলিম খান ওয়ারেশী স্মারকলিপি গ্রহণ করে বলেন, স্মারকলিপিটি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিক্ষোভ সমাবেশে ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের মধ্যে সফিয়ার রহমান চৌধুরী, ওয়ালিউল ইসলাম, খোরশেদ আলম, তোজাম্মেল হোসেন, কুসুম কুমার প্রধান প্রমুখ বক্তব্য দেন।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ১৯৬২ সালে সরকার জেলার সদর, তেঁতুলিয়া, বোদা ও দেবীগঞ্জ উপজেলার ৫ হাজার ৬০২ একর জমির মালিকদের ক্ষতিপূরণ না দিয়ে বন বিভাগকে দিয়ে দেওয়া বিষয়ে গেজেট প্রকাশ করে। জমির মালিকদের সঙ্গে প্রতারণা করে এই গেজেট প্রকাশ করা হয়। এ নিয়ে বন বিভাগ ও জমির মালিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্থানীয় বন বিভাগ জমির সাধারণ ও নিরীহ মালিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।
এদিকে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের মহাপরিচালক গত ২৭ মার্চের এক চিঠিতে জানান, গেজেটভুক্ত করা এসব জমি ব্যক্তিমালিকানাধীন। ভূমি মন্ত্রণালয়ের আইন শাখা ২০১৬ সালের ৭ ডিসেম্বরের এক চিঠিতে এসব জমির রেকর্ড সংশোধনযোগ্য বলে মত দিয়েছে। এরপরও এসব জমি মালিকদের ফেরত দেওয়া হচ্ছে না।
বোদা উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার মফিজুর রহমান বলেন, ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের মহাপরিচালকের চিঠি পাওয়ার আগেই মাঠের জরিপকাজ শেষ হওয়ায় জমিগুলো বন বিভাগের নামে রেকর্ড করা হয়েছে। তবে আবেদন ও আপিলের সুযোগ থাকলে রেকর্ড সংশোধন করা হবে। তা না হলে দেওয়ানি আদালত থেকে রেকর্ড সংশোধন করতে হবে। একই কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজম।
দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল আউয়াল সরকারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।