পঞ্চগড়ে বাস ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নছিমন, করিমন, ইজিবাইক, অটোরিকশাসহ সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে গতকাল শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছে পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন। ধর্মঘট চলাকালে শ্রমিকেরা ধাক্কামারা এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের কয়েকটি স্থানে পিকেটিং করেছেন। এ সময় শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। শ্রমিকেরা একটি মিনিবাসে ভাঙচুর চালান। তাঁরা বিআরটিসি বাস থেকেও জোর করে যাত্রী নামিয়ে দিয়ে ভাঙচুরের চেষ্টা চালান। পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার বলেন, দীর্ঘদিন ধরে মালিক সমিতি রাস্তায় অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে। প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে। এর আগে গত ৩০ মার্চ পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বাস মালিক সমিতি যৌথ সভায় একই দাবিতে গত ২০ এপ্রিল থেকে ওই তিন জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করে। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ২১ এপ্রিল থেকে বাস ধর্মঘট তুলে নেওয়া হয়।পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, সমস্যা সমাধানে পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনা চলছে।