পঞ্চগড়ে বাসশ্রমিকদের হামলায় পাঁচ ছাত্র আহত, অবরোধ
পঞ্চগড়ের আটোয়ারীতে পরিবহন শ্রমিকদের হামলায় পাঁচ কলেজছাত্র আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় দুই কলেজের বিক্ষুব্ধ ছাত্ররা আটোয়ারী কলেজ মোড়ে সড়ক অবরোধ করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে দুজন ছাত্র আটোয়ারী-পঞ্চগড় সড়ক থেকে টেকনিক্যাল কলেজ মোড়ে যাওয়ার জন্য একটি বাসে ওঠেন। তবে নামতে দেরি করেছে—অজুহাতে দুই ছাত্রকে টেকনিক্যাল কলেজ মোড় থেকে দেড় কিলোমিটার দূরে নামায় চালকের সহকারী। পরে দুপুরে কয়েকজন ছাত্র বাসস্ট্যান্ডে গিয়ে ওই বাসের চালকের সহকারীর কাছে তাঁদের জায়গামতো না নামানোর কারণ জানতে চান। এ নিয়ে তর্কের একপর্যায়ে চালকের সহকারী পরিবহন শ্রমিকদের সহযোগিতায় কয়েকজন ছাত্রকে বাসে তুলে নিয়ে যায়। পরে রাজু ও সালাম নামের দুই ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। এ সময় লোকজন গুরুতর অবস্থায় দুই ছাত্রকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ খবর জানাজানি হলে স্থানীয় দুই কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আটোয়ারী কলেজ মোড়ে সড়ক অবরোধ করেন।পরে পুলিশ সুপার শাহারিয়ার রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিবহন শ্রমিকদের কাছ থেকে ছাত্রদের ছাড়িয়ে আনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। তবে গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল।