পঞ্চগড়ে বাড়ছে কিশোর ও তরুণ মাদকসেবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে এখন সহজেই মেলে হেরোইন, ফেনসিডিল, মদসহ বিভিন্ন নেশাজাতীয় মাদকদ্রব্য। সীমান্তবর্তী জেলা হওয়ায় ভারত থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে মাদকদ্রব্য এখানে আসে। এতে এখানে মাদকসেবীদের সংখ্যা বাড়ছে।খোঁজ নিয়ে জানা গেছে, কিশোর, তরুণসহ নানা বয়সী মানুষ প্রতিদিন মাদক সেবন করছে। তবে এদের মধ্যে তরুণের সংখ্যা বেশি। জেলা শহরের ১৫টি স্থানে মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে। পুলিশ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেপ্তার করছে। ভ্রাম্যমাণ আদালত তাঁদের শাস্তিও দিচ্ছেন। কিন্তু মাদক ব্যবসা ও মাদকসেবীদের সংখ্যা কমছে না। পঞ্চগড়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ মাদকদ্রব্য গ্রহণ করছে। পঞ্চগড় থানার পুলিশ গত এক মাসে শহরে অভিযান চালিয়ে ১৫-২০ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়। মাদক ব্যবসায়ীরা কৌশলে শিশু ও কিশোরদের দিয়ে ব্যবসা করাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার রাজনগর হরিজন পল্লিতে নিয়মিত গাঁজা সেবনের জন্য আসর বসানো হয়। এখানে গাঁজা ছাড়াও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করা হয়। এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো ফল পাননি। নতুন বস্তি রাজনগর গ্রামের আনিছুর রহমান জানান, ডিসি অফিসে স্মারকলিপি পেশসহ অনেক চেষ্টা করেও হরিজন পল্লির মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব হয়নি।এ ছাড়া শহরের তেঁতুলিয়া রোডের হাসপাতাল, এম আর কলেজ, ধাক্কামারা এলাকার সিঅ্যান্ডবি মোড়, তুলারডাঙ্গা, জালাসীমোড়, এমআর কলেজ, জেলা পরিষদ মার্কেট, পৌরসভার পেছনের বস্তি, মিলগেটমোড়সহ একাধিক স্থানে ফেনসিডিল বিক্রি হয়। হাসপাতাল মোড়ে অবাধে চলছে হিরোইন ও ভারতীয় মরণনেশা পেন্টাজসিন ইনজেকশনের রমরমা ব্যবসা। এখানকার দু-একজন বিভিন্ন সময় ধরা পড়লেও আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে এসে আবারও জড়িয়ে পড়ে লাভজনক মাদক ব্যবসায়।শহরের তেঁতুলিয়া রোডের সদর হাসপাতাল এলাকায় মাদক দ্রব্যের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ভারতীয় চেতনানাশক ইনজেকশন পেন্টাজসিন। এ ইনজেকশন সাধারণত জটিল অস্ত্রোপচারে রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কয়েকজন পেন্টাজসিন ইনজেকশন গ্রহণকারী জানান, ভারতীয় সাত টাকা দামের এই ইনজেকশনটি তাদের কিনতে হয় ৩০ থেকে ৩৫ টাকায়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক হোসেন জানান, অনেক মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অনেকের বিরুদ্ধে নিয়মিত মামলাও হয়েছে। জামিন নিয়ে তারা এলাকায় ফিরে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এস এম ফারুক হোসেন আরও জানান, মাদক প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এ কাজের জন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পঞ্চগড় পৌরসভা মেয়র মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘এক পুরিয়া হিরোইনসহ কাউকে ধরিয়ে দিলে পাঁচ হাজার এবং এক বোতল ফেনসিডিলসহ কাউকে ধরিয়ে দিলে তিন হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু কেউ এগিয়ে আসেননি। সবার সহায়তা পেলে পৌর এলাকাকে মাদকমুক্ত করা সম্ভব।