পঞ্চগড়ে বিজিবি-বিএসএফ বৈঠক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে আজ শনিবার সকালে তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিএসএফের মহাপরিচালক ডি কে পাঠক ও বিজিবি রংপুর অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল লতিফুল হায়দার নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
বিজিবি ভারতে অনুপ্রবেশকারী সাধারণ বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করে ভারতীয় পুলিশে হস্তান্তর না করে বিজিবির কাছে হস্তান্তরের দাবি জানায়। বিএসএফের পক্ষ থেকে সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে আশ্বাস দেওয়া হয়েছে।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে রংপুর অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল লতিফুল হায়দার বলেন, সংক্ষিপ্ত এই বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। সীমান্তে চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ আন্তসীমান্ত সন্ত্রাস দমনে যৌথ টহল বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আলোচনার মাধ্যমে সীমান্তের সব সমস্যা সমাধানে উভয় পক্ষ একমত পোষণ করেছে। এ ছাড়া সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা ও বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের ওপর জোর দেওয়া হয়েছে।
এর আগে সকাল নয়টায় বিএসএফের মহাপরিচালকের নেতৃত্বে বিএসএফের একটি দল বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি রংপুর অঞ্চলের অধিনায়ক তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বৈঠকে বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি এস কে সুধ এবং বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল কামাল আহমেদ, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হকসহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।