পঞ্চগড়ে বিভিন্ন সংগঠনের নিন্দা, প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলামের বিরুদ্ধে যুবলীগ নেতার মানহানির মামলা ও সাংসদের আইনি নোটিশ পাঠানোর ঘটনায় পঞ্চগড়ের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তারা অবিলম্বে এই হয়রানিমূলক মামলা ও আইনি নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়েছে। পাশাপাশি সিভিল সার্জনের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় প্রেসক্লাবে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রথম আলোর সম্পাদক এবং পঞ্চগড় প্রতিনিধির বিরুদ্ধে যুবলীগ নেতার হয়রানিমূলক মামলা ও সাংসদের আইনি নোটিশ দেওয়ার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। আগামী সাত দিনের মধ্যে মামলা ও আইনি নোটিশ প্রত্যাহার করা না হলে মানববন্ধন, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসক্লাবের সভাপতি এ রহমানের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক সাইফুল আলম, আলমগীর জলীল তালুকদার, সাবিবুর রহমান, সফিকুল আলম প্রমুখ বক্তব্য দেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক প্রধান এক বিবৃতিতে বলেন, কার নির্দেশে কারা সিভিল সার্জনের কার্যালয়ে হামলা চালিয়েছে পুলিশ, প্রশাসন ও পঞ্চগড়বাসী সবই জানে। সম্পাদক ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে সত্য আড়াল করার অপচেষ্টা চালানো হচ্ছে। জেলা বিএনপির সভাপতি মো. মোজাহার হোসেন বলেন, এই সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের পাশাপাশি সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ করছে। জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে পঞ্চগড় ক্রমেই অশান্ত হয়ে উঠছে। এসব সত্য প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। প্রথম আলোর সম্পাদক ও প্রতিনিধির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।মামলা ও আইনি নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি শফিউর রহমান ও সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকার, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান প্রধান ও সাধারণ সম্পাদক এ হোসেন রায়হান, বাংলাদেশ কৃষক সমিতির পঞ্চগড় জেলা সভাপতি সেলিম উদ্দিন, জেলা জাগপার আহ্বায়ক আনছার আলী, সদস্যসচিব মফিজুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ও সাধারণ সম্পাদক রতন সরকার।