পঞ্চগড় শহরের পৌর আদর্শ উচ্চবিদ্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে বিদ্যালয় থেকে তিনটি চিঠি এবং বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে সহকারী শিক্ষক আবু তাহের প্রধান শিক্ষকের কক্ষ, সপ্তম শ্রেণীর কক্ষ এবং শিক্ষকদের শৌচাগারের সামনে তিনটি চিঠি দেখতে পান। প্রধান শিক্ষককে উদ্দেশ করে লেখা প্রতিটি চিঠিতে বলা হয়েছে, ‘আপনার স্কুলের পাঁচজন ছাত্র আমার প্রয়োজন। যদি না দেন তাহলে আপনার স্কুল বোমা দিয়ে উড়িয়ে দিব। প্রথম বোমাটি স্কুলের ল্যাট্রিন অথবা ক্লাসরুমে আছে।’চিঠি পড়ার পর শিক্ষকেরা বিদ্যালয়ের বিভিন্ন স্থানে খোঁজ করে শিক্ষকদের ব্যবহূত শৌচাগারের মধ্যে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পান। তখন ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দৌড়াদৌড়ি শুরু করে। খবর পেয়ে পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমিরউদ্দিন বলেন, স্কচটেপ মোড়ানো একটি মাজনের খালি বোতল এবং চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কেউ এ কাজ করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, জেলা প্রশাসনসহ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনার পর গতকালের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে।’