পঞ্চগড়ে বোরো খেতে জলাবদ্ধতা
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে ২৫০ একর জমির বোরো খেতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ওই ইউনিয়নের করুম নদীতে অপরিকল্পিতভাবে স্লুইস গেট নির্মাণ করায় এ সমস্যা দেখা দিয়েছে। পানি অপসারণের জন্য দ্রুত ব্যবস্থা না নিলে এসব জমির দেড় হাজার মেট্রিক টন বোরো ধান নষ্ট হয়ে যাবে বলে কৃষকেরা আশঙ্কা প্রকাশ করেছেন। কৃষকেরা অভিযোগ করে বলেন, প্রয়োজনীয়সংখ্যক গেট না থাকায় এবং দেয়াল উঁচু না হওয়ায় গত দুই দিনের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের পানি এ স্লুইস গেট দিয়ে সরানো যাচ্ছে না। এতে উত্তর ভাটিয়াপাড়া, মেহেরপাড়া, চাকলাহাট, বীরপাড়া, বড়বাড়ি ও নতুনবন্দর এলাকার শতাধিক কৃষকের প্রায় ২৫০ একর জমির বোরো খেতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলজিইডি সূত্রে জানা গেছে, পানি সংরক্ষণ করে বোরো মৌসুমে জমিতে সেচ এবং আমন মৌসুমে সম্পূরক সেচ দেওয়ার লক্ষ্যে এলজিইডি সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের করুম নদীতে ২০০৭-০৮ অর্থবছরে এ স্লুইস গেট নির্মাণ করে। এতে দুই মিটারের দুটি গেট এবং সাত ফুট উঁচু দেয়াল নির্মাণ করা হয়। নদীতে পানির প্রবাহ বাড়লে এ দেয়ালের ওপর দিয়ে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ার পর যে পানি থাকবে তা দিয়ে আবাদি জমিতে সেচ দেওয়া হবে। এলজিইডির পঞ্চগড় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল বাছেদ বলেন, ‘আমি ওই স্লুইস গেট পরিদর্শন করেছি। এ বিষয়ে একটি প্রতিবেদন বৃহস্পতিবার এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে।’