সাবেক ছিটমহলবাসীদের পরিচয়পত্র দেওয়া শুরু

বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড়ে ১১১ বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের ভারতে যাওয়ার ট্রাভেল পাস (গমনাগমনের অনুমোদনপত্র) দেওয়া শুরু হয়েছে। এটিই তাঁদের পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হবে। ভারতে নাগরিকত্ব পেতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের এই পাস দেওয়া হচ্ছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ডাকবাংলা প্রাঙ্গণে এই কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ।
অস্থায়ী গমনাগমন ও পরিচয়পত্র পাওয়া নাগরিকেরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভারতে যেতে পারবেন। তাঁরা হলদিবাড়ি-চিলাহাটি, সাহেবগঞ্জ-বাগবন্দর ও চ্যাংড়াবান্ধা-বুড়িমারী চেকপোস্ট ব্যবহার করতে পারবেন। এই নাগরিকেরা ৩১ অক্টোবর পর্যন্ত যাতায়াত করবেন এবং ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্তভাবে ভারতে চলে যাবেন। ক্যাম্পে জানানো হয়, তাঁদের খরচ সে দেশের সরকার দেবেন।
পঙ্কজ সরণ বলেন, এসব নাগরিকদের স্বাগত জানাতে কোচবিহার জেলা প্রশাসন প্রস্তুত। ছিটমহলের সমস্যা সমাধান সারা বিশ্বে একটি উদাহরণ বলে তিনি মন্তব্য করেন। ভারতে তাঁদের নতুন জীবন শুরু হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, ভারতে গিয়ে তাঁরা সুখী হবেন।

পঙ্কজ সরণ বলেন, বাংলাদেশের অন্য জেলাগুলোতেও ক্যাম্প খুলে পরিচয়পত্র দেওয়া হচ্ছে। ১২ সপ্তাহের মধ্যে সম্পত্তি বিক্রি করে ১ নভেম্বর থেকে ভারতকে যাওয়ার ব্যাপারে জানাতে হবে। বিভিন্ন চেকপোস্টে নাগরিকদের পরিচয়পত্র দেখাতে হবে। এই পরিচয়পত্রে বাংলাদেশ সরকার ভিসা স্ট্যাম্প করে দিয়েছে।
পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬ ছিটমহল থেকে ৪৮৭ জন বাসিন্দা ভারতে যেতে আগ্রহী বলে আবেদন করেছেন। এর মধ্যে সদর উপজেলার বিভিন্ন ছিটমহল থেকে চারজন, বোদা উপজেলা থেকে ৫২ জন ও দেবীগঞ্জ উপজেলা থেকে ৪৩১ জন নাগরিক ভারতে যাওয়ার আবেদন করেছেন। সর্বশেষ গত ৬ থেকে ১৬ জুলাই যৌথ জনগণনা শুরু করা হয়। এই গণনায় পঞ্চগড়ের ৩৬টি বিলুপ্ত ছিটমহলের ৪৮৭ জন বাসিন্দা ভারতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন।

আগামীকাল মঙ্গলবারও বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের অস্থায়ী গমনাগমন ও পরিচয়পত্র দেওয়া হবে। পরিচয়পত্র ও ট্রাভেল পাস দেওয়ার সময় সেখানে রাজশাহীতে নিযুক্ত সহকারী কমিশনার সন্দীপ মিত্র, ভারতের দূতাবাসের প্রথম সেক্রেটারি রমাকান্ত গুপ্ত এবং পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম আযমসহ ভারত ও বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।