পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতানের নামে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক মোহাম্মদ সুলতানের নামে পঞ্চগড়ে একুশের বইমেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার পাঁচ দিনব্যাপী এ মেলা শুরু হয়।পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে গতকাল বিকেলে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। ভাষাসৈনিক মোহাম্মদ সুলতান মারা যাওয়ার ২৯ বছর পর তাঁর নিজ জেলায় ও তাঁর নামে এ মেলার আয়োজন করা হয়েছে। জাতীয় গ্রন্থকেন্দ্র ও জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।মেলা উদ্যাপন কমিটি সূত্রে জানা গেছে, মেলায় ২০টি স্টল স্থাপন করা হয়েছে। এগুলোতে বিভিন্ন ধরনের বই বিক্রি করা হচ্ছে। মেলায় স্থানীয় তিন লেখক আলী ছায়েদের গল্পগ্রন্থ পাথরকুচি ভালবাসা, উপন্যাস সুখের শেষ নীল ও কাব্যগ্রন্থ অদৃশ্য হারের স্মৃতি, মো. শাহ আলমের তিনটি কাব্যগ্রন্থ বিপন্ন জীবন, মৃতের বাণী, ভেষজকবিতা ও আদর্শবাদিতা এবং মাহফুজা হকের শিশু সাহিত্য লালভূত ও গল্প শ্রাবন্তীর গল্পগ্রন্থ-এর মোড়ক উম্মোচন করা হয়। মেলায় বন্ধুসভা একটি স্টল দিয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমী সুন্দর বাংলা হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।