পঞ্চগড়ে ভূমিজ দ্বিতীয় নাট্য উৎসব শেষ
পঞ্চগড়ে ১০ দিনব্যাপী ভূমিজ দ্বিতীয় নাট্য উৎসব গত মঙ্গলবার রাতে শেষ হয়েছে। জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর সহযোগিতায় নাট্য সংগঠন ‘ভূমিজ’ এ উৎসবের আয়োজন করে। শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেষ দিনে ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্র যামিনীর শেষ সংলাপ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস এম আবু হোরায়রা। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় এম আর সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল খালেক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কানাইলাল কুন্ডু, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দপ্তর সম্পাদক খোরশেদুল আলম। স্বাগত বক্তব্য দেন ভূমিজের নির্বাহী পরিচালক সরকার হায়দার ও উৎসবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম।
উৎসবে দেশের সাতটি নাট্য সংগঠন অংশ নেয়। সংগঠনগুলো হচ্ছে ঢাকার কিচ্ছাকাহিনী, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, রংপুর নাট্য কেন্দ্র, কুড়িগ্রামের প্রচ্ছদ, আমাদের থিয়েটার, শিল্পনাট ও পঞ্চগড়ের ভূমিজ।
১৯ মার্চ সন্ধ্যায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বেলুন উড়িয়ে এ নাট্য উৎসবের উদ্বোধন করেন।