পঞ্চগড়ে মঠপ্রধান হত্যায় জেএমবির সদস্যসহ গ্রেপ্তার ৩

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার হিন্দু মঠের অধ্যক্ষকে হত্যার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন দেবীগঞ্জের প্রধানপাড়া গ্রামের খলিলুর রহমান (৪৫), উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাবুল হোসেন (৩৫), উপজেলা সদরের জাহাঙ্গীর আলম (৩০)।
গতকাল রোববার রাতে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, খলিলুর রহমান ও বাবুল হোসেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। জাহাঙ্গীর আলম ছাত্রশিবিরের কর্মী।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার আজ সকালে প্রথম আলোকে বলেন, হিন্দু মঠের অধ্যক্ষ হত্যার ঘটনায় ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গতকাল রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন দেবীগঞ্জের প্রধানপাড়া গ্রামের খলিলুর রহমান, উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাবুল হোসেন, উপজেলা সদরের জাহাঙ্গীর আলম।
বাবুল আখতার জানান, তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুই মামলায় এঁদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।
ওসির ভাষ্য, খলিলুর রহমান ও বাবুল হোসেন জেএমবির তালিকাভুক্ত সদস্য। জাহাঙ্গীর আলম ছাত্রশিবিরের কর্মী।
পুলিশ জানায়, খলিলুর রহমান সারা দেশে ২০০৫ সালের সিরিজ বোমা হামলা মামলার আসামি ছিলেন। তিনি ওই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। জাহাঙ্গীর আলম সন্ত্রাস ও নাশকতা মামলার আসামি।
মানববন্ধন
হিন্দু মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যার ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে উপজেলার বিজয় চত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদ, জাগো হিন্দু পরিষদ, ক্ষত্রিয় সমিতি, আওয়ামী লীগ, জাসদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানববন্ধন করেছে।
মঠের পূজারি রাধামাধব দাশ বলেন, মঠে সকালে মঙ্গল আরোতি হয়েছে এবং গুরুর জন্য প্রার্থনা করা হয়।
গতকাল রোববার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি হিন্দু মঠের অধ্যক্ষকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মঠপ্রধানের নাম যজ্ঞেশ্বর রায় (৫০)। এ সময় দুর্বৃত্তদের গুলিতে মঠের একজন সাধু আহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) পঞ্চগড়ের শ্রীশ্রীসন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষকে হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারিতে যুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। সাইটের প্রধান রিটা কাৎজ এক টুইটার বার্তায় এ কথা জানান। অবশ্য আইএসের এই দায় স্বীকারকে নাকচ করে দিয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।