পঞ্চগড়ে মহাজনদের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে মহাজনদের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। চাকলাহাট এলাকাবাসীর ব্যানারে পঞ্চগড়-চাকলাহাট সড়কের নতুন চাকলা এলাকায় এই মানববন্ধনে ওই এলাকার কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে সন্ধ্যায় টুনিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করা হয়।
সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকার হাফিজউদ্দিনের ছেলে আবদুল খালেক গত মঙ্গলবার রাতে কীটনাশক পান করেন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সুদখোর মহাজনদের ইন্ধনে ও প্ররোচনায় আবদুল খালেক আত্মহত্যা করেছেন—এমন অভিযোগে গতকাল পঞ্চগড় থানায় একটি মামলা হয়। আবদুল খালেকের স্ত্রী মোছা. মহিদা বেগম বাদী হয়ে মো. সুরুজ্জামাল (৪০), মো. ফোজু (৪০), মো. তাহেরুল (২৭) ও মো. ছয়ফুলকে (২৫) মামলার আসামি করা হয়।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ৩২৩ ও ৩০৬ ধারায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আবদুল খালেকের লাশের ময়নাতদন্ত হয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, আবদুল খালেক সুরুজ্জামালের কাছ থেকে দুই হাজার ও ছয়ফুলের কাছ থেকে পাঁচ হাজার টাকা সুদের ওপর ধার নিয়েছিলেন। টাকা দিতে না পারায় মো. সুরুজ্জামাল, মো. ফোজু, মো. তাহেরুল ও ছয়ফুল মঙ্গলবার খালেকের ব্যাটারিচালিত ভ্যান আটক করেন। সুরুজ্জামাল ভ্যানটি ৩৫ হাজার টাকায় তাহেরুলের কাছে বিক্রি করে দেন। এই টাকা তাঁরা ভাগাভাগি করে নিয়ে আবদুল খালেকের হাতে ৫০ টাকা ধরিয়ে দেন। খালেক বিষয়টি স্ত্রী মহিদা বেগমসহ পরিবারের সদস্যদের জানান ও রাতে বিষপান করেন। গুরুতর অবস্থায় রাতেই পঞ্চগড় আধুনিক হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল খালেক মারা যান।
গতকালের মানববন্ধনে আবদুল খালেকের বাবা হাফিজউদ্দিন, মা খতেজা বেগম, স্ত্রী মহিদা খাতুন, ভাই বুধারু মোহাম্মদ, বোন ফরিদা প্রমুখ বক্তব্য দেন। বক্তারা সুদখোর মহাজনদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন। গতকাল ওই এলাকায় গিয়ে মামলার আসামিদের কাউকে বাসায় পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন বলে এলাকাবাসী জানান।