পঞ্চগড়ে মহাসড়কে ধানগাছ ফেলে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতিপূরণের দাবিতে খেত থেকে কেটে ফেলা রোগাক্রান্ত বোরো ধানগাছ মহাসড়কে ফেলে রাস্তা অবরোধ করেছেন পঞ্চগড়ের বিক্ষুব্ধ কৃষকেরা। ধানখেত নেক ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ায় গতকাল মঙ্গলবার নিশ্চিত লোকসানের আশঙ্কায় দিশেহারা বোরোচাষিরা ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদীঘি এলাকায় এভাবে সড়ক অবরোধ করেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তার ক্ষতিপূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন তাঁরা।
পঞ্চগড়ের বিভিন্ন উপজেলার বোরোখেতে ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে সদর ও বোদা উপজেলায় এই রোগের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। কৃষি বিভাগের পরামর্শে কীটনাশক ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না। ব্যাংক ও মহাজনের কাছ থেকে নেওয়া ঋণের টাকায় চাষ করা বোরো ধান এভাবে রোগাক্রান্ত হয়ে নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা।
মহাসড়কের ময়দানদীঘি এলাকায় গতকাল বেলা ১১টায় এক ঘণ্টার মানববন্ধনে কয়েক শ কৃষক খেতের রোগাক্রান্ত ধানগাছ নিয়ে মহাসড়কে অবরোধে অংশ নেন। এ সময় সাধারণ মানুষও তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ সময় কৃষকেরা ক্ষতিপূরণের দাবি জানান। পরে বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুনুর রশিদ ক্ষতিপূরণের আশ্বাস দিলে কৃষকেরা অবরোধ প্রত্যাহার করে নেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এবার ৩০ হাজার ৬৫০ হেক্টর বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে চাষ হয়েছে ৩০ হাজার ৬৯০ হেক্টরে। এই ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৯৩৮ মেট্রিক টন।
বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের কৃষক ইসলাম উদদীন, মন্তাজ আলী, সুলতান হোসেন, ফসিরউদ্দিন, অমল রায় জানান, নেক ব্লাস্ট রোগে আক্রান্ত ধানের শিষগুলো আস্তে আস্তে সাদা হয়ে শুকিয়ে যাচ্ছে। শিষের গোড়ায় প্রথমে এই রোগ দেখা দিচ্ছে। পরে আস্তে আস্তে পুরো শিষকে গ্রাস করছে। শিষের ধানগুলো চিটা হয়ে যাচ্ছে। কৃষি বিভাগের পরামর্শ অনুয়ায়ী কীটনাশক স্প্রে করেও কোনো কাজ হচ্ছে না।
বোদা উপজেলার ময়দানদীঘি-কোয়ারি মিল এলাকার বোরোচাষি মো. ইসলাম বলেন, ‘আমি ছয় বিঘা জমি চুক্তি নিয়ে বোরো চাষ করেছি। প্রতি বিঘা জমিতে মহাজনকে পাঁচ মণ করে ধান দিতে হবে। পঞ্চগড় বিএডিসি অফিস থেকে প্যাকেট করা বীজ নিয়ে এই আবাদ করলাম। এখন আমার পুরো ছয় বিঘা ধানের শিষ শুকিয়ে সাদা হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘বীজ নেওয়ার সময় আমরা অফিসে বারবার মেমো (রসিদ) চেয়েছি, কিন্তু তারা মেমো দেয়নি। আমার মনে হয় ওরা খারাপ বীজ দিয়েছে, এ জন্য এই জ্বলা রোগ ধরেছে। এখন আমি জমির মালিককে কী দেব আর আমি কী খাব?’
কৃষকদের দাবি, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ ব্যবহার করেই তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে বিএডিসি পঞ্চগড় বীজ বিপণনকেন্দ্রের সহকারী পরিচালক আবদুল হাই এই অভিযোগ অস্বীকার করে বলেন, ব্লাস্ট একপ্রকার বীজবাহিত রোগ হলেও বীজের কোনো সমস্যা না। তবে বৈরী আবহাওয়ায় এ রোগের প্রাদুর্ভাব হতে পারে বলে তিনি জানিয়েছেন।
বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুনুর রশিদ বলেন, ‘আমরা বসে নেই, কৃষকদের সঙ্গেই আছি। কৃষকদের সচেতন করতে লিফলেট বিতরণ, উঠানবৈঠকসহ মাঠে মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। আবহাওয়া ও পরিবেশগত কারণে এই রোগ কন্ট্রোল করা যাচ্ছে না। তবে কৃষি বিভাগের পরামর্শমতো আক্রান্ত খেতে ওষুধ ও পানিমিশ্রিত ডোজ স্প্রে করলে (এক বিঘা জমির জন্য ৫০ লিটার পানিতে মিশ্রণ করতে হবে) এই রোগের প্রাদুর্ভাব কম হবে।’
এদিকে বিএডিসির পঞ্চগড় বীজ বিপণনকেন্দ্রের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবদুল হাই বলেন, ‘এবার সারা দেশেই বোরো ধানে নেক ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ায় এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমাদের এখান থেকে চাষিরা বীজ কিনলে অবশ্যই তাঁদের মেমো দেওয়ার কথা।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল হক বলেন, ‘ব্লাস্ট একটি ছত্রাকজনিত ও বীজবাহিত রোগ। এটি কোনো বীজে থাকলে পরে তা জমিতে আসতে পারে। এবার দিনে রোদ আর রাতে ঠান্ডার কারণে এবং মাঝে মাঝে মেঘলা আকাশের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মনে হচ্ছে। যেসব চাষির বোরোখেত ব্লাস্টে আক্রান্ত হয়েছে, আমাদের কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক তাঁদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছেন।’