পঞ্চগড়ে মাটি খুঁড়ে ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের ভিতরগড় দুর্গ নগরীতে ১৩০০ বছরের পুরোনো দুটি মন্দির আবিষ্কৃত হয়েছে। পঞ্চগড় শহর থেকে ১৬ কিলোমিটার দূরে এই দুর্গ নগরীর অবস্থান। মন্দির দুটির পুরো কাঠামো এখনো বের করা হয়নি। খননের পর মন্দিরের অংশবিশেষ বের হয়ে এসেছে। দু-এক মাসের মধ্যে পুরো মন্দির বের করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
প্রত্নতত্ত্ববিদ শাহনাজ হোসনে জাহানের নেতৃত্বে একটি দল খনন করে এই মন্দির দুটি আবিষ্কার করে। ২০০৯ সালের জানুয়ারি থেকে তিনি খননকাজ পরিচালনা করছেন। মন্দির দুটি দেখতে প্রতিদিন শত শত নারী-পুরুষ ভিড় করছে।
শাহনাজ হোসনে জাহান ভারতের পুনায় অবস্থিত ডেকান পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রত্নতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি এই মন্দির দুটির নির্মাণশৈলী, আকৃতি ও ইটের গঠন দেখে অষ্টম শতকের বলে ধারণা করছেন।
একটি মন্দিরের অবয়ব বের হয়েছে দ্বিতীয় আবেষ্টনী দেয়ালের বাইরে খালপাড়া এলাকায়। সেটি ৯ মিটার দীর্ঘ ও ৯ মিটার চওড়া। দ্বিতীয় মন্দিরটি হচ্ছে ঢিবরীডাঙ্গা এলাকায়। এটির অবস্থান দ্বিতীয় আবেষ্টনী দেয়ালের বাইরে পরিখার পরই। এর দৈর্ঘ্য ২৫ মিটার ও প্রস্থ ২০ মিটার। এই দুটি স্থাপনায় ইটের কাজের সঙ্গে পাথর ব্যবহার করা হয়েছে।
শাহানাজ হোসনে জাহান বলেন, ষষ্ঠ বা সপ্তম শতকে নির্মিত এই দুর্গ নগরীতে ছিল সার্বভৌম প্রশাসন। গুরুত্বপূর্ণ প্রাচীন বাণিজ্য পথের ওপর তৈরি এই দুর্গ নগরীর সঙ্গে সিকিম, তিব্বত, ভুটান, চীন, নেপাল, বিহার, পশ্চিমবঙ্গ ও পুণ্ড্রবর্ধনের ছিল বাণিজ্য এবং সড়ক ও নদী পথে ভালো যোগাযোগ। আসাম, কোচ বিহার, ময়নামতি, পাহাড়পুর ও মহাস্থানগড়ে আবিষ্কৃত প্রত্নতত্ত্বের বিভিন্ন নমুনার সঙ্গে এখানে পাওয়া প্রত্নতত্ত্বের কোনো মিল নেই। চারটি দেয়াল দিয়ে এই নগরীকে সুরক্ষিত করা হয়।
এর মধ্যে বাইরের দুইটি গড় বা দেয়াল মাটি দিয়ে তৈরি এবং সামনে পরিখা আছে। ভেতরের দুটি দেয়াল ইটের তৈরি। ভিতরগড় দুর্গ নগরী পূর্ণাঙ্গভাবে খনন করতে কত সময় লাগতে পারে, তা বলা যাচ্ছে না। তবে ২০১৪ সাল পর্যন্ত খননের অনুমতি রয়েছে। সময় বাড়তেও পারে। এই দুটি স্থাপনার ধরন দেখে মনে হচ্ছে, এটি ধর্মীয় কোনো উপাসনালয়। মঠ বা মন্দিরও হতে পারে।
শাহানাজ হোসনে জাহানের মতে, প্রত্নতাত্ত্বিক দিক দিয়ে ভিতরগড়ের অপরিসীম গুরুত্ব থাকলেও সরকারিভাবে ভিতরগড়কে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়নি। তিনি অবিলম্বে ভিতরগড়কে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানান। মূল্যবান প্রত্ন সম্পদ রক্ষার জন্য এলাকার মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
২০০৯ সালের জানুয়ারি থেকে খনন শুরু করে এ পর্যন্ত এই দুর্গ নগরীতে স্তূপ ও মন্দিরসহ আটটি স্থান আবিষ্কার করা হয়েছে।