পঞ্চগড়ে মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিজানুর,রিফাত
লিজানুর,রিফাত

পঞ্চগড় শহরের দারুল উলুম মদিনাতুল ইসলাম নামের একটি হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র লিজানুর রহমান (১৫) ও রিফাত হোসেন (১২) গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ।

এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা এজাজ আহম্মদ।

লিজানুর রহমান তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত এলাকার আবদুস সবুরের ছেলে। রিফাত পঞ্চগড় সদর উপজেলার যতনপুকুরী এলাকার শফিউল ইসলামের ছেলে।

জিডি ও নিখোঁজ ছাত্রদের পারিবার সূত্রে জানা গেছে, লিজানুর ও রিফাত গত শুক্রবার বিকেলে নিজেদের প্রয়োজনের কথা বলে মাদ্রাসা থেকে বের হয়। সেখান থেকে দুজনে রিফাতের বাড়ি যতনপুকুরীতে যায়। এরপর রেললাইন দেখার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। কিন্তু এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা মাদ্রাসায়ও ফিরে আসেনি, বাড়িতেও যায়নি।

রিফাতের বাবা শফিউল ইসলাম বলেন, ‘এর আগে রিফাত ঢাকার উত্তরার এক হাফেজিয়া মাদ্রাসায় পড়ত। পরে সেখানে ভালো না লাগার কথা বলে পালিয়ে এসেছিল। এরপর আমি পঞ্চগড় দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসায় তাকে ভর্তি করে দিই। গত শুক্রবার বিকেলে লিজানুরকে নিয়ে আমাদের বাড়িতে আসে রিফাত। পরে রেললাইন দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় সে তার ভাবির মোবাইল ফোনটিও নিয়ে গেছে। ওই নম্বরে আমরা বারবার ফোন দিচ্ছি, কিন্তু অন্য লোক ধরছে। এখনো তাদের কোনো খোঁজ পাচ্ছি না। বড় দুশ্চিন্তায় আছি।’

লিজানুরের বাবা আবদুস সবুর বলেন, লিজানুর এর আগে বাড়ির পাশে সিপাহিপাড়া হাফেজিয়া মাদ্রাসায় পড়ত। সাত মাস আগে তাকে পঞ্চগড় শহরের দারুল উলুম মদিনাতুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিই। গত শুক্রবার বিকেল থেকে তার খোঁজ না পাওয়ায় মাদ্রাসার হুজুর আমাকে ফোনে জানায়। তারপর থেকে আমরা সবাই বিভিন্ন জায়গায় খোঁজ করতেছি কিন্তু পাচ্ছি না।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, ‘ওই মাদ্রাসার পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা দেশের বিভিন্ন থানায় তাদের বিষয়ে বার্তা পাঠিয়েছি। তাদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।’