পঞ্চগড়ে মিল্ক ভিটা শীতলীকরণ কেন্দ্র বন্ধ, দুর্ভোগ
টানা অবরোধ আর হরতালের কারণে মিল্ক ভিটার পঞ্চগড় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র ১০ দিন ধরে বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন জেলার ২৫টি সমবায় সমিতির প্রায় ৯০০ দুগ্ধ খামার মালিক। এ কারণে পানির দরে এই দুধ বিক্রি করতে হচ্ছে। ব্যাংকঋণে পরিচালিত এসব খামার মালিকেরা পুঁজি হারানোর আশঙ্কা করছেন।
দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র থেকে জানা গেছে, পঞ্চগড় শহরের ধাক্কামারায় মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র প্রতিষ্ঠার পর জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৯০০ দুগ্ধ খামার গড়ে ওঠে। এসব খামারে প্রতিদিন প্রায় দুই হাজার লিটার দুধ উৎপাদন হয়। পঞ্চগড় কেন্দ্রের ধারণক্ষমতা পাঁচ হাজার লিটার। এখানে পাঁচ দিনের বেশি সংরক্ষণ করাও সম্ভব হয় না। জেলা সমবায় সমিতি এবং প্রাণিসম্পদ বিভাগের তালিকাভুক্ত এসব খামারি প্রতিদিন ননীর গুণগতমান অনুযায়ী ২৯ থেকে ৫৫ টাকা লিটার দরে মিল্ক ভিটায় দুধ সরবরাহ করেন।
পঞ্চগড় মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে সংগৃহীত এই দুধ সিরাজগঞ্জে পাঠানো হয়। কিন্তু টানা হরতাল-অবরোধে পরিবহন সমস্যায় সিরাজগঞ্জে দুধ পাঠানো সম্ভব হচ্ছে না। এ কারণে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে মিল্ক ভিটা কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন খামার মালিকেরা। তাই বাধ্য হয়ে তাঁরা স্থানীয়ভাবে ২০ থেকে ৩০ টাকা লিটার দরে দুধ বিক্রি করছেন। কেউ কেউ দুধ বিক্রি করতে না পেরে ফেলে দিচ্ছেন।
সদর উপজেলার কামাতপাড়ার দুগ্ধখামারি দেলোয়ার হোসেন জানান, খামারে প্রতিদিন প্রায় ৩০০ লিটার দুধ উৎপাদন হয়। শীতলীকরণ কেন্দ্র বন্ধ থাকায় কম দামে দুধ বিক্রি করতে হচ্ছে। কোনো কোনো দিন দুধ ফেলে দিতে হচ্ছে। এতে প্রতিদিনই লোকসান হচ্ছে। ব্যাংকের ঋণে খামার গড়ে তুলে খুব ভোগান্তিতে পড়েছেন তিনি।
মিল্ক ভিটার পঞ্চগড় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ জানান, পরিবহন অনিশ্চয়তার কারণে কেন্দ্রটি ১০ দিন ধরে বন্ধ রাখা হয়েছে।