পঞ্চগড়ে যানবাহন থেকে রোজ ২৫ হাজার টাকা চাঁদা আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পঞ্চগড় সদরের বিসিক শিল্প নগরীসংলগ্ন ট্রাক টার্মিনাল এলাকায় ট্রাকসহ বিভিন্ন যানবাহনের কাছ থেকে প্রতিদিন ২০-২৫ হাজার টাকা আদায় করা হচ্ছে। সরকারের কঠোর নিষেধাজ্ঞা থাকার পরও জেলা মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নগুলোর সদস্যরা অবৈধভাবে চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা হয়। এতে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু তোয়াবুর রহমান মহাসড়কে ট্রাক ও বিভিন্ন যানবাহনের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন। এ সময় তাত্ক্ষণিকভাবে জেলা প্রশাসক বনমালী ভৌমিক মহাসড়কে চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-পঞ্চগড় মহাসড়ক দিয়ে প্রতিদিন দুই শতাধিক ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করে। পঞ্চগড়ে ঢুকলেই ছোট ট্রাক ৭০ টাকা, বড় ট্রাক ১০০ এবং অন্য যেকোনো যানবাহন থেকে বাধ্যতামূলকভাবে নির্ধারিত হারে চাঁদা আদায় করা হচ্ছে।যেসব সংগঠন চাঁদা আদায় করছে সেগুলো হচ্ছে পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতি, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী পরিবহন শ্রমিক ফেডারেশন।জেলা মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নগুলোর সাতটি সংগঠনের সদস্যরা প্রতিদিন কেবল ট্রাক থেকেই চাঁদা হিসেবে ১৫-২০ হাজার টাকা অবৈধভাবে আদায় করছে। এভাবে চাঁদা আদায় করায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ট্রাক ও অন্য যানবাহনের চালকেরা দিশেহারা হয়ে পড়েছেন।পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সভাপতি মো. ইকবাল কায়সার চাঁদা আদায়ের কথা স্বীকার করে বলেন, মালিক ও শ্রমিকদের কল্যাণের জন্যই চাঁদা নেওয়া হচ্ছে।পঞ্চগড় জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিদুল ইসলাম বলেন, জেলার মোটর মালিক পরিবহন শ্রমিকদের সাতটি সংগঠনের পক্ষে মালিক ও শ্রমিকদের কল্যাণের নামে এই চাঁদা নেওয়া হচ্ছে।সদর থানার ওসি মো. জমিরউদ্দিন জানান, তিনি অভিযোগ পেয়ে মহাসড়কে গিয়ে চাঁদা আদায়ের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, অবশ্যই চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।