পঞ্চগড়ে লড়াই হবে সমানে সমানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের আমির স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেকের মনোনয়নপত্র আপিলেও বাতিলের পর নৌকা, ধানের শীষ আর মশালের ভোটযুদ্ধ নিশ্চিত হয়েছে পঞ্চগড় পৌরসভায়। এবারের নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী হয়েছেন জাকিয়া খাতুন। তা-ও আবার কেন্দ্রের সিদ্ধান্তে। বিএনপির প্রার্থী বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম আর জাসদের জেলা সভাপতি আবদুল মজিদ মশাল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৯৮৫ সালে জন্ম হয় পঞ্চগড় পৌরসভার। এরপর ’৯৪ সালে দ্বিতীয় ও ২০০৫ সালে প্রথম শ্রেণির মর্যাদা পায় এই পৌরসভা। প্রতিষ্ঠার পর থেকেই পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম এ পৌরসভার নির্বাচিত মেয়র। তবে এবার দীর্ঘদিনের বেদখল পৌরসভার মেয়র পদটি নির্বাচনের মাধ্যমে দখলে নিতে চায় আওয়ামী লীগ।
প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম কোনো নারী মেয়র প্রার্থী মনোনীত হলেন। আওয়ামী লীগ থেকে মেয়র পদে জাকিয়া খাতুনকে প্রার্থী করা হয়েছে। তিনি ২০০২ সালে পৌর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হন। এরপর ২০০৭ সালে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন তিনি।
জাকিয়া খাতুন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করেছেন। আমি মেয়র নির্বাচিত হলে, পঞ্চগড়কে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলব।’ তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, বর্তমানে সর্বস্তরের মানুষের যে সমর্থন পাচ্ছি, তাতে ৩০ ডিসেম্বর রায় আমার পক্ষেই যাবে। পৌরবাসীও পরিবর্তন চায়। আগের মেয়র কোনো উন্নয়ন করেননি। বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায়। আমার বিশ্বাস, উন্নয়নের কথা বিবেচনা করে পৌরবাসী আমাকে নির্বাচিত করবেন।’
পৌর বিএনপির সভাপতি ও বর্তমার পৌর মেয়র তৌহিদুল ইসলাম বলেন, ‘আমি চারবারের নির্বাচিত মেয়র। ৩০ বছর ধরে পৌরসভার দায়িত্ব পালন করছি। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আন্তরিকতার সঙ্গে পৌরবাসীর উন্নয়নে কাজ করেছি। তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করেছি। অনেকগুলো উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আশা করি, আমার কাজের মূল্যায়ন করে পৌরবাসী আমাকেই আবার মেয়র নির্বাচিত করবেন।’
এবারই প্রথম জাসদ থেকে জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মজিদকে মেয়র পদে প্রার্থী দিয়েছে। তিনি ’৬৯-এ গণ-অভ্যুত্থানে অংশ নেন। মুক্তিযুদ্ধ করেছেন। তিনি বলেন, ‘নির্বাচিত হলে এলাকার নাগরিকদের নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার সমস্যার সমাধান ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করব।’
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা নারী বা পুরুষে ভেদাভেদ না করে প্রার্থীদের অতীত ও বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড বিবেচনা করে ভোট দেওয়ার কথা ভাবছেন। পঞ্চগড় শহরের রামেরডাঙ্গার গৃহিণী তমিলা বেওয়া বলেন, ‘প্রার্থীর অতীত কর্মকাণ্ড দেখে, বুঝে ভোট দেব। মার্কা কোনো বিষয় নয়।’