পঞ্চগড়ে শহীদ মিনার নিয়ে ‘রাজনীতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এ নিয়ে পাল্টাপাল্টি সভা-সমাবেশ, মামলা ও স্মারকলিপি প্রদানের ঘটনা ঘটছে।স্থানীয় সূত্রে জানা যায়, শহরের ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউটে শহীদ মিনার নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ এনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আহসান হাবিব ২৮ জুলাই স্কুল শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্বাস আলীসহ ছয়জন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন।৩১ জুলাই দুপুরে ইনস্টিটিউটের শিক্ষকদের এক সভায় দাবি করে বলা হয়, এ ঘটনায় শিক্ষক-কর্মচারীরা জড়িত নন। সভায় শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লিখিতভাবে অনুরোধ জানানো হয়।২ আগস্ট দুপুরে আব্বাস আলীকে চাঁদাবাজ ও স্বাধীনতাবিরোধী আখ্যায়িত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। পরদিন ইনস্টিটিউটের ফটকের সামনে আয়োজিত এক সমাবেশে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, আবু সারোয়ার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরা পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও আওয়ামী লীগের নেতা মো. নুরুজ্জামান বক্তব্য দেন।৫ জুলাই দুপুরে সাধারণ শিক্ষার্থী ও সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে আব্বাস আলীকে গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আহসান হাবিব বলেন, কলেজ পরিচালনা কমিটির সভায় এই শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত হয়েছিল। এ জন্য পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান ২৫ হাজার টাকা অনুদান দেন। তিনি গত বছরের ৫ মে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি কলেজ পরিচালনা কমিটিরও সভাপতি। ইনস্টিটিউটের স্কুল শাখার পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস আলী বলেন, শহীদ মিনার নির্মাণের ব্যাপারে কারও আপত্তি নেই। আপত্তি স্থান নির্ধারণের ব্যাপারে। কারণ, স্কুল শাখার অফিস একাডেমিক ভবনের সামনে এই শহীদ মিনার নির্মাণ করা হলে প্রতিষ্ঠানের সৌন্দর্যহানি ঘটবে। তাই এই স্থানে শহীদ মিনার নির্মাণে বাধা দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, সাংসদের বিরুদ্ধে সভাপতির বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করায় তিনি অধ্যক্ষকে দিয়ে এই মামলা করিয়েছেন।