পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশ থেকে মদের দোকান সরানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় পৌরসভা কার্যালয়সংলগ্ন খালপাড়া এলাকায় পঞ্চগড় আদর্শ মহিলা আলিম মাদ্রাসা এবং শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের পাশেই একটি মদের দোকান। এ কারণে এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। মদের দোকানটি অন্যত্র সরানোর দাবি জানিয়েছেন ওই মাদ্রাসা এবং কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদ্রাসাসংলগ্ন ওই মদের দোকানে সারা দিন মাদকসেবীরা আসা-যাওয়া করে। অনেকে মদ খেয়ে বেসামাল হয়ে অশ্লীল কথাবার্তা বলে। ছাত্রীদের মদের দোকানের পাশে ক্লাস করতে অসুবিধা হয়। বিকল্প সড়ক হিসেবে মাদ্রাসার মাঠের মধ্য দিয়ে মাদকসেবীরা যাতায়াত করে। ফলে ছাত্রীদের খেলাধুলা করতে অসুবিধা হয়। কিন্তু ভয়ে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদের সাহস পায় না।শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আকতার ও দ্বাদশ শ্রেণীর ছাত্রী লিয়া বলে, সারা দিন মাদকসেবীরা এই দোকানে আসা-যাওয়া করে। মদ খেয়ে অনেকে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। অশ্লীল কথাবার্তা বলে। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে। মাদকসেবীদের অসদাচরণের কারণে মদের দোকানের পাশের কক্ষে ক্লাস করতে পারি না। আমরা স্বাভাবিকভাবে মাঠে খেলাধুলা করতে পারি না।মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ারা খাতুন বলেন, মাদ্রাসার পাশে মদের দোকান হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের অনেক সমস্যা হচ্ছে। অনেক মাদকসেবী বেসামাল হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করে।মদের দোকানের মালিক অর্জুন কুমার ভৌমিক বলেন, ‘আমার শৌচাগারের পাশে কেউ যদি রান্নাঘর নির্মাণ করে বলে আপনার শৌচাগার সরিয়ে নিন, তাহলে কেমন হবে? আমাকে ১৯৮১ সালে প্রশাসন এই জায়গা নির্ধারণ করে দিয়েছে। আমি জমি কিনে এখানে এই দোকান করেছি। এর অনেক পরে এখানে মাদ্রাসা ও স্কুল গড়ে তোলা হয়েছে। মাদ্রাসা ও স্কুলের কারণে অনেকে দোকানে আসতে না পারায় আমার ব্যবসার ক্ষতি হচ্ছে। মাদ্রাসা বড় করে দেয়াল নির্মাণ করে দিলেই তো আর সমস্যা হবে না।’মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ বি এম আব্দুস সামাদ বলেন, মাদ্রাসা চলাকালীন মাদ্রাসার ভেতর দিয়ে মাদকসেবীরা যাতায়াত করে। মাদ্রাসার পাশেই মদের দোকান হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের নানা অসুবিধায় পড়তে হচ্ছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মদের দোকানটি অন্যত্র সরানো প্রয়োজন।