পঞ্চগড়ে শিক্ষার্থীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলার পাম ব্রিজের পাশ থেকে পুলিশ আজ মঙ্গলবার সকালে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। ওই ছাত্রের নাম নূর নবী (১২)। সে মানিকপীর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। সে উপজেলার গুজরিপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ছয় দিন আগে সন্ধ্যার সময় কে বা কারা নূর নবীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আজ সকালে এলাকাবাসী বাড়ির পাশে পাম নদীর ওপর পাম ব্রিজের পাশে তার লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে জানায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।