পঞ্চগড়ে শ্রমিক খুন, আড়াই লাখ টাকায় আপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলায় এক শ্রমিক খুনের ঘটনা আড়াই লাখ টাকায় আপসরফা হয়েছে। প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গত শনিবার গভীর রাতে এই আপস হয়। গতকাল রোববার সকালে ময়নাতদন্ত ছাড়াই ওই শ্রমিকের লাশ দাফন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বোদা-দেবীগঞ্জ সড়কের উন্নয়নকাজের শ্রমিক ছিলেন বোদার মুন্সিপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩০)। শনিবার দুপুরে কাজের পারিশ্রমিক চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনায়েম লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (স্টোর) রেজাউল ইসলামের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি ট্রাকের চালক রফিকুলকে জোর করে ট্রাকে তুলে নিয়ে যায়। কিছুদূরে নিয়ে পেটে ছুরিকাঘাত করে তাঁকে ট্রাক থেকে ফেলে দেওয়া হয়। এতে রফিকুল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। শনিবার রাত ১২টার দিকে জেলা প্রশাসক, পুলিশ সুপার, চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজুল ইসলাম জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক রেজাউল ইসলামের উপস্থিতিতে আড়াই লাখ টাকায় ঘটনাটি আপস হয়। রফিকুল ইসলাম ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে—স্বীকার করে রেজাউল ইসলাম বলেন, ‘আড়াই লাখ টাকায় ঘটনাটির আপসরফা হয়েছে। তাঁকে ছুরি মেরে ট্রাক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ঠিক নয়। প্রশাসন যে সিদ্ধান্ত দিয়েছে তা আমরা মেনে নিয়েছি।’