পঞ্চগড়ে শ্রেণীকক্ষে ককটেল ফাটানোয় তিন স্কুলছাত্র গ্রেপ্তার
ককটেল বানিয়ে পঞ্চগড় শহরের ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটের একটি কক্ষে বিস্ফোরণ ঘটানোর কারণে তিন স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র মমিনুল ইসলাম ও মো. সাজু এবং নবম শ্রেণীর ছাত্র আরিফ হোসেন। এ ঘটনায় ওই তিন ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। পুলিশ, শিক্ষার্থী ও শিক্ষকেরা জানান, বুধবার দুপুর পৌনে দুইটার দিকে ইনস্টিটিউটের তিন তলা ভবনের নিচ তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা জানতে পারেন, ইনস্টিটিউটের ছাত্র মমিনুল ইসলাম, মো. সাজু ও আরিফ হোসেন ছাত্রছাত্রীদের ভয় দেখানোর জন্য এ বিস্ফোরণ ঘটিয়েছে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত তিন ছাত্রকে গ্রেপ্তার এবং বিস্ফোরণের আলামত জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় সাংসদ মজাহারুল হক প্রধান এবং জেলা প্রশাসক বনমালী ভৌমিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ইনস্টিটিউটের স্কুল শাখার প্রধান শিক্ষক মো. আকতারুজ্জামান জানান, দুপুরে পরীক্ষার প্রস্তুতি চলছিল। এমন সময় বিকট শব্দে শিক্ষার্থী ও শিক্ষকেরা আতঙ্কিত হয়ে পড়েন। অভিযুক্ত ছাত্র আরিফ হোসেন বলে, ‘আমরা তিনজন মিলে ছাত্রছাত্রীদের ভয় দেখানোর জন্য এটা করেছি।’পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জমিরউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ওই তিন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।