পঞ্চগড়ে সমঝোতার দরপত্রই বৈধতা পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় গণপূর্ত অধিদপ্তরে প্রায় এক কোটি ৩০ লাখ টাকার দরপত্রে সমঝোতার ফলে সরকারের ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। গণপূর্ত অধিদপ্তর এই সমঝোতার দরপত্রকেই বৈধ বলে স্বীকৃতি দিয়েছে। পঞ্চগড় গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্র নির্মাণের জন্য দরপত্র দাখিলের শেষ সময় ছিল গত ১৮ জানুয়ারি। দুটি গ্রুপে ১৭টি করে মোট ৩৪টি দরপত্র বিক্রি হলেও সমঝোতার ফলে প্রতিটি গ্রুপে তিনটি করে দরপত্র জমা পড়ে। এর মধ্যে প্রতি গ্রুপে দুটি দরপত্র প্রাক্কলিত ব্যয়ের চেয়ে বেশি দরে আর একটি দরপত্র প্রায় সমদরে দাখিল করা হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার জানান, প্রতিযোগিতা হলে কমপক্ষে শতকরা ১২ ভাগ কম দরে ঠিকাদারেরা দরপত্র দাখিল করতেন। এতে সরকারের প্রায় ১৫ লাখ টাকা সাশ্রয় হতো। এখন ১১ লাখ টাকা ভাগাভাগির সমঝোতার কারণে দরপত্র কেনা প্রত্যেক ঠিকাদার ২০ হাজার টাকা করে পেয়েছেন। বাকি টাকা গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাসহ অন্যরা পেয়েছেন। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহা. উজির আলী বলেন, ‘দরপত্র মূল্যায়ন কমিটি উপরিউক্ত দুজন ঠিকাদার নির্বাচন করে। পরে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর থেকে চূড়ান্ত অনুমোদনের পর কার্যাদেশ দেওয়া হয়েছে। অফিসের বাইরে কী হয়েছে, তা বলতে পারব না।’ উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘পঞ্চগড়ে দরপত্রে সমঝোতা’ শীর্ষক খবর প্রকাশিত হয়।