পঞ্চগড়ে সুপারির ভালো দাম পেয়ে চাষিরা খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে লাভজনক কৃষিপণ্য হিসেবে স্থান পেয়েছে সুপারি। সদর উপজেলায় ব্যাপক হারে সুপারির চাষ হচ্ছে। আপত্কালীন সময়ে সুপারি বিক্রি করে সংসারের চাহিদা মিটছে অনেক কৃষকের। সুপারি চাষ লাভজনক হওয়ায় অনেকেই এখন সুপারি চাষে আগ্রহী হয়ে উঠছেন। বছরে এ জেলায় প্রায় ১০০ কোটি টাকার সুপারি কেনাবেচা হয়।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, এই এলাকার উৎপাদিত সুপারি বিক্রির জন্য পঞ্চগড় শহরের জালাসী মোড়ে গড়ে উঠেছে সুপারির হাট ও মোকাম। এই সুপারির হাটে প্রায় সারা বছরই সুপারি বেচাকেনা হয়। এ ছাড়া টুনিরহাট, চাকলা, হাঁড়িভাসা, ভজনপুর, জগদল ও মডেলহাটে সুপারি কেনাবেচা হয়। তবে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বেশির ভাগ সুপারি ক্রয়-বিক্রয় হয়। স্থানীয় ব্যবসায়ীরা সুপারি কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠান। আবার দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরাও এখানে আসেন সুপারি কিনতে।

গতকাল রোববার দুপুরে জালাসী মোড়ে সুপারির হাটে সুপারি ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে সুপারির অন্যতম উৎপাদনকারী এলাকা হিসেবে পঞ্চগড় সুপরিচিত। দেশে উৎপাদিত সুপারির বড় অংশ পঞ্চগড় এলাকায় উৎপাদিত হয়। প্রায় প্রতিটি বাড়িতেই কমবেশি সুপারির গাছ রয়েছে। অনেকেই বাণিজ্যিকভাবে বাগান গড়ে তুলেছেন। জেলায় প্রতিবছর কয়েক লাখ টন সুপারি উৎপাদিত হয়।

কয়েকজন সুপারি ব্যবসায়ী বলেন, সুপারি সাধারণত এপ্রিল থেকে বিক্রি শুরু হয় ও তা জুন মাস পর্যন্ত চলে। এ সময় কৃষকেরা বোরো, গমসহ রবিশস্য চাষে ব্যস্ত থাকেন। এ সময় কৃষকের হাতে কোনো টাকাপয়সা না থাকায় তাঁরা সুপারি বিক্রি করে পরিবারের দৈনন্দিন চাহিদা মিটিয়ে থাকেন। ক্ষুদ্র ব্যবসায়ী নালাগঞ্জের শাহাদুল ইসলাম বলেন, ‘আমার মতো অনেকে গ্রামে গ্রামে ঘুরে বাড়ি থেকে সুপারি কিনে এনে হাটে বিক্রি করেন।’

হাঁড়িভাসা এলাকার খালপাড়া গ্রামের গুলজার রহমান (৩৫) বলেন, ‘বাড়ির আশপাশে লাগানো ২৫টি সুপারির গাছ থেকে বছরে ৪-৫ হাজার টাকার সুপারি বিক্রি করি। এবার সুপারির দাম ভালো। যে সময়ে কৃষকের হাতে কোনো টাকাপয়সা থাকে না, সে সময়ে সুপারি বিক্রি করে সংসারের চাহিদা ও কৃষিকাজে লাগানো যায়।’

হাঁড়িভাসা এলাকার মো. জসিমউদ্দিন বলেন, ‘সুপারির বাগান থেকে প্রতিবছর ৩-৪ লাখ টাকার সুপারি বিক্রি করি।’

জিন্নাতপাড়ার হাফেজ বলেন, তিনি সুপারির বাগান থেকে প্রতিবছর ৫-৬ লাখ টাকার সুপারি বিক্রি করেন। পঞ্চগড়ের বড় সুপারি ব্যবসায়ী টুনিরহাটের আবু বকর ছিদ্দিক বলেন, পঞ্চগড়, টুনিরহাট ও চাকলাহাটে প্রতি সপ্তাহে ২-৩ কোটি টাকার সুপারি কেনাবেচা হয়। এই সুপারি ঢাকা, সিলেট, চট্টগ্রাম, গাইবান্ধা, রংপুর, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। সুপারির মূল্য এ বছর তুলনামূলকভাবে বেশি পেয়েছেন বলে জানান ব্রমতল গ্রামের চাষি নুরুজ্জামান ও বাঙ্গালপাড়া গ্রামের ময়নুল। চাষিরা দাম পাওয়ায় খুশি।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল মতিন বলেন,  সুপারি পঞ্চগড়ের কৃষকের কাছে লাভজনক কৃষিপণ্য হিসেবে গণ্য হচ্ছে। বাড়ির আনাচকানাচে সুপারির গাছ লাগিয়ে দু-তিন বছরের মধ্যে ফলন পাওয়া যাবে। সুপারির গাছের জন্য স্বল্প পরিমাণ জায়গা লাগে। এ ছাড়া বাড়ির আশপাশে উঠানে সুপারির বাগান গড়ে তোলা যায়। অনেকে বাগানভিত্তিক সুপারির চাষ করছেন।