পঞ্চগড়ে সেই আসামির জামিন মঞ্জুর
পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালতে এক আসামির জামিন নিয়ে গত মঙ্গলবার হইচইয়ের এক দিন পর গতকাল বুধবার তাঁর জামিন হয়েছে।
এদিকে গত মঙ্গলবারের ওই ঘটনা নিয়ে গতকাল জেলা আইনজীবী সমিতির সভা হয়েছে।
আদালত ও কয়েকজন আইনজীবী সূত্রে জানা গেছে, একটি মামলার আসামি আবু সালেক সরকার গত মঙ্গলবার মুখ্য বিচারিক হাকিম মো. আবিদ আলীর আদালতে আত্মসর্মপণ করে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আসামিকে হেফাজতে রাখার ও ১২ জুন অধিকতর শুনানির দিন ধার্য করেন। এ সময় আসামির জামিন না দেওয়ায় আসামিপক্ষের আইনজীবীরা আদালতে চেঁচামেচি ও হইচই করেন। এ ঘটনার পর কয়েকজন আইনজীবী জরুরি সভা আহ্বান করতে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে লিখিত আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে আইনজীবী সমিতি ভবনে জরুরি সভা হয়। সভায় আইনজীবীরা মুখ্য বিচারিক হাকিমের বিরুদ্ধে ফৌজদারি মামলা পরিচালনায় অনভিজ্ঞতা, স্বেচ্ছাচারিতা ও অদূরদর্শিতার অভিযোগ আনেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জ্যেষ্ঠ আইনজীবীদের একটি প্রতিনিধিদল জেলা ও দায়রা জজ এবং মুখ্য বিচারিক হাকিমের সঙ্গে দেখা করে সভায় আলোচিত বিষয়গুলো জানাবেন বলে সিদ্ধান্ত হয়।
আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রশীদ বলেন, উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আবু সালেক সরকারের জামিন মঞ্জুর করেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বি এম তারিকুল ইসলাম।
এলাকার কয়েকজন বাসিন্দা, আদালত ও মামলার বিবরণ থেকে জানা গেছে, বিচারিক হাকিম আদালতের স্টেনোটাইপিস্ট মোসাম্মৎ হোসনে আরা স্বামী আবদুল মান্নান ও সন্তানদের ছেড়ে গত ৪ জানুয়ারি সদর উপজেলার গলেহা কান্তমনি এলাকার আবু সালেক সরকারের সঙ্গে চলে যান। এ ঘটনায় মান্নান ৫ জুন মুখ্য বিচারিক হাকিম আদালতে আবু সালেক সরকার, হোসনে আরাসহ চারজনকে আসামি করে মামলা করেন। আদালত প্রত্যেকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।