সোনালী ব্যাংকের পঞ্চগড় জেলা সদর শাখায় এসে গ্রাহকেরা ভোগান্তি পোহাচ্ছেন। ওই শাখায় জনবল কম থাকায় এবং সরকারি সব ধরনের লেনদেনের কারণে কাজের চাপ বেশি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেতন, টাকা ও সরকারি কাজের বিল তুলতে গেলে চার-পাঁচ ঘণ্টা সময় লেগে যায়।জানা গেছে, পঞ্চগড় শহরের তেঁতুলিয়া সড়কের একটি পুরোনো দ্বিতল ভবনে অবস্থিত সোনালী ব্যাংকের পঞ্চগড় শাখা। এর ওপরের তলায় একটি কক্ষে দাপ্তরিক কাজ করা হয়। নিচতলায় ক্যাশ কাউন্টার, ব্যবস্থাপকের কার্যালয় ও টাকা রাখার ভোল্ট। এ শাখা থেকে সদর উপজেলার সব সরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীর বেতন, উন্নয়নমূলক কাজের বিল, শিক্ষক-কর্মচারীদের বেতন ও অবসরভাতা এবং বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা, মুক্তিযোদ্ধাভাতা ও বিধবাভাতা উত্তোলন করা হয়। এ ছাড়া অনেকে ব্যক্তিগত হিসাব থেকে টাকা তোলেন ও জমা দেন। প্রতিদিন গড়ে এ শাখা থেকে সহস্রাধিক গ্রাহক সেবা নেন।গত রোববার ব্যাংকের ওই শাখায় গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। গ্রাহকেরা জানান, টাকা তোলার জন্য সকাল আটটা থেকে তাঁরা লাইনে দাঁড়িয়ে আছেন। সকাল সাড়ে নয়টায় ব্যাংকের কার্যক্রম শুরু হলেও লেনদেন শুরু হয় সকাল ১০টা থেকে। জেলা সদরের জমিরন নেছা দাখিল মাদ্রাসার শিক্ষক আমীর হোসাইন জানান, সকাল আটটায় এসে তিনি বেতনের চেক জমা দিয়েছেন। বেলা দেড়টায় তিনি বেতনের টাকা তুলেছেন। হাড়িভাসা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসু কিবরিয়া প্রধান বলেন, ‘পঞ্চগড় জেলা শহরে সোনালী ব্যাংকের একটি মাত্র শাখা হওয়ায় আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি। এ কারণে আমরা দীর্ঘদিন ধরে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা অন্য যেকোনো ব্যাংক থেকে দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার আমাদের দাবি মানছে না।’পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন জানান, এই ব্যাংক থেকে সব ধরনের সরকারি লেনদেন হওয়ায় গ্রাহকদের সমস্যা হচ্ছে। এ ছাড়া জনবল-সংকটের কারণে সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বর্তমানে এখানে ৩২ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। এখানে আরও ১০ জন কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন।