পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগে কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষা ফের স্থগিত
পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগের অধীন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ফ্যাক্সবার্তায় এই পরীক্ষা স্থগিত করা হয়। আজ শনিবার জেলা সিভিল সার্জনের কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পাঁচটি পদে ১৫ জন কর্মচারী নিয়োগের জন্য গত ১৯ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ৫২৩ জন অংশ নেন। তাঁদের মধ্যে ৪৮ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। কিন্তু পছন্দের প্রার্থীরা পাস করতে না পারায় যুবলীগ-ছাত্রলীগের ৮-১০ জন নেতা-কর্মী সিভিল সার্জন অফিস ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর কর্তৃপক্ষ ২০ সেপ্টেম্ব্বরের মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করে। ওই দিন সিভিল সার্জন ইমারউদ্দিন কায়েস পঞ্চগড় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।জেলা যুবলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম ও ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান দাবি করেন, সিভিল সার্জনের কার্যালয়ে হামলার ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের কেউ জড়িত নয়।নিয়োগ কমিটির সদস্যসচিব সিভিল সার্জন ইমারউদ্দিন ২৭ সেপ্টেম্বর লিখিত পরীক্ষায় পাস করা ৪৮ জনের মৌখিক পরীক্ষার জন্য ২ অক্টোবর নতুন তারিখ ঘোষণা করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৪৮ জনের নামে কার্ড পাঠানো হয়।ইমারউদ্দিন গতকাল বলেন, ২ অক্টোবর শনিবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে পরীক্ষা আবার স্থগিত করা হয়েছে।