পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগের মৌখিক পরীক্ষা ২ অক্টোবর
পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় পাস করা ৪৮ জনের স্থগিত মৌখিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ অক্টোবর সিভিল সার্জনের কার্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।নিয়োগ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন মো. ইমারউদ্দিন কায়েস বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৮ জনের মৌখিক পরীক্ষা আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষার্থীদের ঠিকানায় কার্ড ইস্যু করা হয়েছে।জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে ১৫ জন নিয়োগের জন্য ১৯ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫২৩ জন অংশ নেন। তাঁদের মধ্যে প্রতি পদের বিপরীতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত তিনজন হিসাবে ৪৮ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। রাত সোয়া একটার দিকে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। রাতেই যুবলীগ-ছাত্রলীগের আট-দশজন নেতা-কর্মী সিভিল সার্জনের কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর ‘অনিবার্য কারণ’ দেখিয়ে কর্তৃপক্ষ ২০ সেপ্টেম্বরের মৌখিক পরীক্ষা স্থগিত করে এবং সিভিল সার্জন পঞ্চগড় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবি মাহমুদ এ ঘটনায় দলের কেউ জড়িত নয় বলে দাবি করেন। তিনি বলেন, স্থানীয় সাংসদ গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তিনি এ ঘটনায় জড়িত বলে প্রথম আলোতে যে সংবাদ প্রকাশিত হয়েছিল তা সত্য নয়।জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান ও জেলা যুবলীগের সভাপতি মো. শহিদুল ইসলামও দাবি করেন, সিভিল সার্জনের কার্যালয়ে হামলার ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের কেউ জড়িত নয়।