পঞ্চগড়ে হরতাল পালিত, কুড়িগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর নিজ জেলা পঞ্চগড়ে গতকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালে পিকেটিংয়ের সময় পুলিশ চারজন নেতা-কর্মীকে আটক করেছে।সকাল থেকে হরতালের সমর্থনে পিকেটাররা শহরের পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ ও ঝটিকা মিছিল করে। এ সময় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ জেলা জাগপার যুগ্ম আহ্বায়ক সামছুজ্জামান, আবদুল খালেক, হামিদুল ইসলাম ও পাভেলকে আটক করে। হরতালের কারণে শহরের অধিকাংশ দোকানপাট ও আন্তজেলা বাস চলাচল বন্ধ ছিল।জেলা জাগপার যুগ্ম আহ্বায়ক জি এস গুলশান আলম প্রধান বলেন, অবিলম্বে শফিউল আলম প্রধানসহ ১৮ দলের শীর্ষ নেতা এবং আটক স্থানীয় চার নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তি না দিলে হরতালের চেয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। গত সোমবার ঢাকা থেকে শফিউল আলম প্রধানকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় রাতেই জেলা জাগপা পঞ্চগড়ে গত মঙ্গল ও বুধবার হরতাল ডাকে।কুড়িগ্রামে হরতাল আহ্বান: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে কুড়িগ্রামে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। গতকাল দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান।লিখিত বক্তব্যে সাইফুর রহমান বলেন, ১১ মার্চ পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কুড়িগ্রামের সন্তান রুহুল কবির রিজভীসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার করে। রিজভীসহ অন্য নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোস্তাফিজার রহমান, আবদুল আজিজ, সহিরুজ্জামান, পৌর মেয়র নূর ইসলাম প্রমুখ।