পঞ্চগড়ে ১০ জন গুণীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের ১০ জন গুণী শিল্পীকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ দেওয়া হয়েছে। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গত শনিবার রাতে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাঁদের ওই সম্মাননা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের হাতে ওই সম্মাননা স্মারক (পদক, সার্টিফিকেট, উত্তরীয় ও প্রত্যেককে ১০ হাজার টাকা) তুলে দেন।

সম্মাননাপ্রাপ্ত গুণীজনেরা হলেন ২০১৫ সালের জন্য যাত্রাশিল্পে এ কে এম বদিউজ্জামান, নৃত্যকলায় রুখশানা আরা হক, লোকসংস্কৃতিতে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, কণ্ঠসংগীতে বিপ্লব কুমার ও যন্ত্রসংগীতে মো. শাহজাহান আলী এবং ২০১৬ সালের জন্য লোকসংগীতে মো. তাজিমউদ্দীন, নাট্যকলায় আনোয়ারুল হক, আবৃত্তিতে সাংবাদিক হুমায়ুন কবীর মজুমদার, যন্ত্রসংগীতে দুলাল চন্দ্র বর্মণ ও কণ্ঠসংগীতে মো. ওয়াজেদ আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহম্মদ ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন। বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রহ্লাদ চন্দ্র বর্মণ, জেলা সংস্কৃতি কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন প্রমুখ।