পঞ্চগড়ে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পঞ্চগড়ে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি আজ বুধবার শুরু হচ্ছে। পঞ্চগড়ের পাঁচ উপজেলা ও দুই পৌরসভায় প্রায় ৪৭ হাজার পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। একই সঙ্গে তিন কেজি করে ডাল দেবে সরকার।
জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং আগামী মার্চ ও এপ্রিল এই পাঁচ মাস জেলার হতদরিদ্র ৪৬ হাজার ৮২৫টি পরিবার এই চাল পাবে। কর্মসূচির আওতায় বিধবা ও প্রতিবন্ধী নারীদের প্রাধান্য দেওয়া হবে। প্রত্যেক উপজেলায় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে একটি কমিটি আছে। এ কমিটিতে জনপ্রতিনিধিরাও আছেন। তাঁরাই হতদরিদ্র পরিবারের সংখ্যা ঠিক করে তাদের কার্ড দেবেন। নীতিমালা অনুযায়ী তাদের চাল দেওয়া হবে। তবে ভিজিডি কর্মসূচির সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা এ তালিকায় অন্তর্ভুক্ত হবেন না।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদের বলেন, প্রতি ৫০০ পরিবারের জন্য একজন ডিলার নিয়োগ করা হয়েছে। প্রতি মাসে এসব ডিলারকে চাহিদামতো চাল সরবরাহ করা হবে।
তেঁতুলিয়ার ইউএনও সানিউল ফেরদৌস বলেন, উপজেলায় ১৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। বিধবা/তালাকপ্রাপ্ত/স্বামী পরিত্যক্ত এবং যে পরিবারে দুস্থ শিশু রয়েছে, সেই পরিবার অগ্রাধিকার পাবে।
পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ওই পরিবারগুলোকে ১০ টাকা দরে চাল দেওয়া হবে।