পঞ্চগড়ে ১০০ ঘর ছাই
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ভেলকুপাড়া গ্রামে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ২৬টি পরিবারের শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকার বেশি বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।অগ্নিকাণ্ডের পর থেকে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু খোলা আকাশের নিচে অবস্থান করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার ইমাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে একটি করে কম্বল, এক হাজার করে টাকা, ২০ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করেন। গতকাল শুক্রবার সকালে সাংসদ মো. মজাহারুল হক প্রধান ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যেক পরিবারকে একটি করে শাড়ি ও একটি করে লুঙ্গি দেন।সাতমেরা ইউনিয়নের চেয়ারম্যান মো. এনামুল হক জানান, ওই গ্রামের শাউনিয়ার রান্নাঘর থেকে আগুনের উৎপত্তি। মুহূর্তের মধ্যে আগুন গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসী চেষ্টা করেও কোনো কিছু বাঁচাতে পারেনি। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে যাওয়ার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।