পঞ্চগড়ে ১২২ বস্তা ভেজাল ইউরিয়া আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে গত সোমবার পুলিশ ১২২ বস্তা ভেজাল ইউরিয়া আটক করেছে। এ সার বিক্রি ও সংরক্ষণের অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দেবীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, নীলফামারীর ডোমার উপজেলার রোমান নামের এক সার ব্যবসায়ী সোমবার বিকেলে দুটি ট্রলিতে করে ১২২ বস্তা সার দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারের সার ব্যবসায়ী রবিউলের দোকানে পাঠান। পথে দেবীগঞ্জের পুরোনো বাসস্ট্যান্ডে দেবীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জামিল ট্রলিগুলো আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে আসেন। এখানে এসে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল আলম ওই সার ব্যবসায়ী রবিউলের কাছ থেকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে তিনি ৭২ বস্তা সার পুড়িয়ে ফেলেন এবং বাকি ৫০ বস্তা দেবীগঞ্জ থানায় হস্তান্তর করেন। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিরউদ্দিন জানান, ভেজাল সার বিক্রির জন্য ট্রলিতে করে পাঠানো হচ্ছিল।