পঞ্চগড়ে ১৮ দিন ধরে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেদী হাসান। ছবি: সংগৃহীত
মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলার মানিকপীর দারুস সুন্নাহ নুরানি হাফেজি মাদ্রাসার মেহেদী হাসান (১৩) নামের এক ছাত্র ১৮ দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় ওই ছাত্রের বাবা খয়রুল আলম বোদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার ও জিডি সূত্রে জানা যায়, মেহেদী হাসান বেংহাড়ি-বনগ্রাম ইউনিয়নের মানিকপীর দারুস সুন্নাহ নুরানি হাফেজি মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করত। নিখোঁজ হওয়ার দুই দিন আগে গত ২৭ ডিসেম্বর মেহেদী মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে যায়। এরপর ২৯ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এর তিন-চার দিন পর মেহেদীর খোঁজখবর নিতে তার বাবা মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তখন ওই শিক্ষক জানান, মেহেদী মাদ্রাসায় আসেনি। এর পর থেকেই মেহেদীর পরিবার সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। পরে ৭ জানুয়ারি বোদা থানায় ওই ছাত্রের বাবা জিডি করেন।

মেহেদীর বাবা খয়রুল আলম প্রথম আলোকে বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা মেহেদীকে উদ্ধারের চেষ্টা করছে।

মাদ্রাসাটির হেফজ শাখার শিক্ষক মো. আবু ইউসুফ বলেন, ওই ছাত্র ২৭ ডিসেম্বর মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পর আর ফিরে আসেনি। তার অভিভাবকেরা জানান, সে ২৯ ডিসেম্বর মাদ্রাসায় আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।