পঞ্চগড়ে ৩ দিনব্যাপী বারুণী স্নান শুরু
নিজেকে পাপমুক্ত করা ও পুণ্যতার আশায় পঞ্চগড়ে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী বারুণী স্নান। সূর্যোদয়ের পর থেকেই বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী করতোয়া নদীতে ওই স্নানোৎসব শুরু হয়।
চৈত্রের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রতিবছর করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে এই গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। প্রতিবছর স্থানীয় গঙ্গা মন্দির কমিটি বারুণী স্নানোৎসবের আয়োজন করে। এ সময় সনাতন হিন্দুধর্মাবলম্বীরা স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পূজা অর্চনা করেন।
এখানে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বিভিন্ন বয়সী হাজার হাজার ধর্মাবলম্বী স্নান ও পূজা অর্চনা করেন।
স্নান উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী বারুণী মেলা। এখানে নাগরদোলা, মোটরসাইকেল খেলাসহ বিভিন্ন বিনোদনেরও আয়োজন করা হয়েছে। এ বারুণী স্নান চলবে কাল বৃহস্পতিবার পর্যন্ত।
আটোয়ারীর আলোয়াখোয়া থেকে বোয়ালমারী বারুণী স্নানে পরিবারের সবাইকে নিয়ে এসেছেন নারায়ণ চন্দ্র বর্মণ। তিনি বলেন, ‘দেহ ও মনকে পরিশুদ্ধ করতে এখানে প্রতিবছর আসা হয়। পরিবারের সবাই মিলে স্নান করি এবং পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় পূজা অর্চনা করি।’
নীলফামারীর জলঢাকা থেকে স্নান করতে এসেছেন প্রমিলা রানী। তিনি বলেন, ‘বাপ-দাদাদের কাছ থেকে শুনেছি, নদীর উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপ মোচন হয়। তাই এখানে পরিবারের সবাইকে নিয়ে স্নান করতে এসেছি।’