পঞ্চগড়ে ৫ ভাগ বেশি দরে ঠিকাদার নির্বাচন
পঞ্চগড় সদর উপজেলায় স্থানীয় প্রকৌশল অদিধপ্তরের (এলজিইডি) দরপত্রে সমঝোতার মাধ্যমে প্রায় ৫ ভাগ বেশি দরে ঠিকাদার নির্বাচন করে কার্যাদেশ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে কতিপয় ঠিকাদার ও কর্মকর্তা লাভবান হলেও সরকারের প্রায় ১০ লাখ টাকা লোকসান হয়েছে।সদর উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোলোপাড়া শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের জন্য ৪৭ লাখ ৩৯ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি ছিল দরপত্র দাখিলের শেষ দিন। ২৭টি দরপত্র বিক্রি হলেও সমঝোতা করে মাত্র তিনটি দরপত্র দাখিল করা হয়। এর মধ্যে একটি দরপত্র প্রাক্কলিত দরের ৪ দশমিক ৯৭ ভাগ বেশি দরে ও অন্য দুটি দরপত্র আরও বেশি দরে দাখিল করা হয়। উপজেলা প্রকৌশলী ও ছাত্রলীগের এক সাবেক নেতা এই সমঝোতার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।প্রতিযোগিতামূলকভাবে এই কাজ হলে কমপক্ষে ১০ ভাগ কম দরে ঠিকাদারেরা কাজ নিতেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার জানান। যে ঠিকাদারকে এই কাজ দেওয়া হয়েছে, তিনি এসব কাজের বিপরীতে ১৫ শতাংশ টাকা দিয়ে কিনে নিয়েছেন অন্য ঠিকাদারদের কাছ থেকে। সে হিসাবে প্রায় ১০ লাখ টাকা আদায় করা হয়। এ টাকার ভাগ সংশ্লিষ্ট ব্যক্তিরা পেয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার জানান।তবে কার্যাদেশ পাওয়া ঠিকাদার আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, সমঝোতার সঙ্গে তিনি জড়িত নন। ২৭টি দরপত্র বিক্রি হলেও মাত্র তিনটি দরপত্র জমা পড়ার প্রশ্নে তিনি নীরব থাকেন। এ ব্যাপারে পত্রিকায় লিখে কোনো কাজ হবে না এবং সবাইকে ‘ম্যানেজ’ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী সুবীর কুমার সরকার দরপত্রের সমঝোতা বা কোনো আর্থিক লেনদেনের সঙ্গে এলজিইডির কেউ জড়িত নয় দাবি করে বলেন, ২৭টি দরপত্র বিক্রি হলেও মাত্র তিনটি দরপত্র জমা পড়েছে। এর মধ্যে ঠিকাদার আবুল কালাম আজাদের দাখিল করা দরপত্রটি সর্বনিম্ন দরদাতা হয়েছে। বিষয়টি অনুমোদনের জন্য এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়। অতিরিক্ত প্রধান প্রকৌশলীর অনুমোদনের পর গত ২৭ মার্চ আবুল কালাম আজাদকে কার্যাদেশ দেওয়া হয়েছে। ২৭টি দরপত্র বিক্রি হলেও মাত্র তিনটি দরপত্র জমা পড়ার প্রশ্নে তিনিও নীরব থাকেন।