পঞ্চগড়ে 'ক' সেটের পরিবর্তে 'খ'তে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে আজ মঙ্গলবার ভুলক্রমে ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটে পরীক্ষা নেওয়া হয়েছে। কেন্দ্রসচিবের দায়িত্বে অবহেলার ফলে এমনটি হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পরীক্ষার্থীদের উত্তরপত্র বিশেষভাবে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে বোর্ড।
কেন্দ্র সূত্রে জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আজ এসএসসির জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা ‘ক’ সেটে নেওয়ার কথা। কিন্তু কেন্দ্রসচিব ভুল করে কেন্দ্রের ১৬২ জন পরীক্ষার্থীর পরীক্ষা ‘খ’ সেটে নেন। এতে বিপাকে পড়েছেন ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা। কারণ বোর্ডের অধীনে অন্য পরীক্ষার্থীরা দিয়েছেন ‘ক’ সেটে পরীক্ষা।
পরীক্ষার্থী ও অভিভাবকদের আশঙ্কা, ভুল সেটে পরীক্ষা হওয়ায় উত্তর মূল্যায়নে পিছিয়ে পড়বে শিক্ষার্থীরা। পরীক্ষার ফলাফলেও এর প্রভাব পড়বে। ফল বিপর্যয়ের আশঙ্কায় পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে।
কেন্দ্রসচিব মো. জামিউল হকের দাবি, ভুলে এমনটি হয়েছে। তিনি জানান, বিষয়টি শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
ট্রেজারির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘ছুটিতে আছি। তাই কিছু বলতে পারছি না। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দায়িত্বে আছেন।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার প্রথম আলোকে জানান, ‘“ক” সেটে পরীক্ষা নেওয়ার লিখিত নির্দেশ প্রদান করেছি আমরা। কিন্তু কেন্দ্রসচিব কীভাবে “খ” সেটে পরীক্ষা নিয়েছেন, তা আমার জানা নেই।’
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, দায়িত্বে অবহেলার জন্য ওই কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্বে অবহেলার জন্য কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে পরীক্ষার্থীদের উত্তরপত্র বিশেষভাবে মূল্যায়ন করা হবে। প্রশ্নপত্রের প্যাকেট খোলার আগে সেট দেখে নেওয়ার নির্দেশনা কেন্দ্রসচিবদের দেওয়া হয়েছিল।