পঞ্চগড়েও অ্যানথ্রাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়েও অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে। সদর উপজেলায় একজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছেন। তাঁর নাম শহিদুল ইসলাম (৪০)। গত শুক্রবার রাতে তাঁকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক হাসিবুল হাসান ও বাহারাম আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে কুষ্টিয়ায় আরও ১৫ জন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান মিলেছে। এর আগে সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও জামালপুরে অ্যানথ্রাক্সের সংক্রমণ ঘটে।পঞ্চগড়ে একজন শনাক্ত: সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সীমান্তবর্তী বীরপাড়া গ্রামের অ্যানথ্রাক্সে আক্রান্ত শহিদুল ইসলাম জানান, গত সপ্তাহে মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি কম দামে ভারত থেকে ৩০ কেজি গরুর মাংস কিনে আনেন। তিনি নিজে ওই মাংস নাড়াচাড়া ও রান্না করেন। পরদিন তাঁর দুই হাত এবং পায়ে ঘা হয়। স্থানীয় চিকিৎসায় পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এদিকে পঞ্চগড় জেলা প্রাণিসম্পদ বিভাগে জনবল এবং অ্যানথ্রাক্স রোগের প্রতিষেধকের সংকট চলছে। জেলায় প্রায় সাত লাখ গরু-মোষের জন্য প্রতিষেধক সরবরাহ করা হয়েছে মাত্র ১০ হাজার। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নঈমউদ্দিন আহাম্মদ বলেন, ‘আমরা ৪০ হাজার প্রতিষেধক চেয়ে পেয়েছি ১০ হাজার। জনবল-সংকটের মধ্যেই টিকাদান কার্যক্রম চলছে।’ তেঁতুলিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘প্রথম পর্যায়ে মাত্র ৮০০ প্রতিষেধক পেয়েছি, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। ভারত সীমান্তসংলগ্ন উপজেলা হওয়ায় এখানে অ্যানথ্রাক্সের ঝুঁকি রয়েছে।’পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকার কৃষক আবদুল হক জানান, গত কয়েক দিনে এলাকায় পাঁচ-সাতটি গরু মারা গেছে। কোনো প্রতিষেধক দেওয়া হচ্ছে না। বিচ্ছিন্নভাবে গরু মারা যাওয়ার কথা স্বীকার করে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, ‘নতুন ঘাসের বিষক্রিয়াজনিত কারণেও গরু মারা যেতে পারে। তবে অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।’কুষ্টিয়ায় আরও ১৫ জন আক্রান্ত: জেলার দৌলতপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী দুটি গ্রামে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত আরও ১৫ জনের সন্ধান পাওয়া গেছে। গতকাল শনিবার তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। সব মিলে ওই উপজেলায় অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা দাঁড়াল ৪৪ জনে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সালেহ আহমেদ ১৫ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ পূর্ব কারিগর পাড়ায় চারজন ও পার্শ্ববর্তী বিলগাথুয়া গ্রামে ১১ জন নতুন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়। গতকাল সকালে ওই এলাকায় পুরোনো রোগীদের সেবা দিতে গেলে নতুন রোগীরা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের ওষুধ দেওয়া হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বশির উদ্দীন বলেন, ওই দুই গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকায় গরু-ছাগলকে প্রতিষেধক দেওয়া হচ্ছে। রোগ শনাক্ত হওয়ার পর গতকাল বিকেল পর্যন্ত কোনো গরু-ছাগলের মৃত্যুর ঘটনা ঘটেনি। জনসচেতনতা বাড়াতে এলাকায় বৈঠক করা হচ্ছে। প্রচারপত্র বিতরণ: আমাদের ফরিদপুর অফিস জানায়, অ্যানথ্রাক্স রোগের ব্যাপারে জনসাধারণকে সচেতন করে তুলতে ফরিদপুরে প্রচারপত্র বিলি শুরু করেছে জেলা প্রশাসন। পাশাপাশি জেলার বিভিন্ন খামারের গরুকে অ্যানথ্রাক্সের প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরোজেন্দ্র নাথ সাহা বলেন, জনগণকে অ্যানথ্রাক্স সংক্রমণের ব্যাপারে সচেতন করতে গতকাল প্রতিটি উপজেলায় প্রচারপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি গরুর হাটে নজরদারি করা হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে হাটে আনা গরুগুলো পরীক্ষা করতে বলা হয়েছে। তিনি জানান, ফরিদপুরে গতকাল পর্যন্ত এ রোগের কোনো অস্তিত্ব মেলেনি।