পঞ্চগড়ের ধাপঢুপ বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ আজও নির্মিত হয়নি

‘দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব
বঙ্গে! তিষ্ঠ ক্ষণকাল! এ সমাধি স্থলে...’
ভিত্তিফলকে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের এই বিখ্যাত উক্তিটি লেখা থাকলেও ফলকটির সামনে আজও কোনো পথিককে দাঁড়াতে দেখা যায়নি। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও পরিকল্পনা অনুযায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি। তাই এখনো অজানাই রয়ে গেছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পঞ্চগড় জেলার সবচেয়ে বড় এই বধ্যভূমির ইতিহাস। সেই সঙ্গে ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে ফলকে লেখা পঙ্ক্তিও।
১৯৭১-এর এপ্রিল মাসের মাঝামাঝি কোনো এক শুক্রবার অগুনতি মানুষের রক্তে লাল হয়ে গিয়েছিল জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের ইসলামপুর এলাকার ধাপঢুপ বিলের পানি। স্বাধীনতার প্রাক্কালে পাকিস্তানি বাহিনীর নির্যাতন থেকে বাঁচতে ভারতে যাওয়ার পথে প্রায় সাড়ে ৩ হাজার মানুষকে রাজাকারদের সহায়তায় হত্যা করে এই ধাপঢুপ বিলে ফেলে দিয়েছিল পাকিস্তানি সেনারা। কিন্তু স্বাধীনতার পর ৪৫ বছর পেরিয়ে গেলেও এই নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নেওয়া হয়নি যথাযথ পদক্ষেপ।
মুক্তিযুদ্ধের সময়ের এই ভয়াল স্মৃতি ধরে রাখতে ধাপঢুপ বিলের পাড়ে ২০১১ সালে পঞ্চগড়ের তৎকালীন জেলা প্রশাসক বনমালী ভৌমিকের পরিকল্পানায় জেলা পরিষদের অর্থায়নে স্মৃতিস্তম্ভ নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও আজ পর্যন্ত এর বাস্তবায়ন হয়নি।
ওই এলাকার প্রবীণদের সঙ্গে কথা বলে জানা গেছে, পঞ্চগড় জেলার সবচেয়ে বড় গণহত্যার ঘনাটি ঘটেছিল পাঁচপীর ইউনিয়নের এই ধাপঢুপ বিলের পাড়ে। পাকিস্তানি বাহিনীর অত্যাচার সইতে না পেরে ইসলামপুর গ্রামের ধাপঢুপ বিলসংলগ্ন আমবাগানে এসে সমবেত হয়েছিল শুকানপুকুরী, জাঠিভাঙ্গা, পাঁচপীর, জগন্নাথপুর, সালন্দর ও শিবকাঠি এলাকার কয়েক হাজার মানুষ। পরিকল্পনা ছিল ভারতে পাড়ি জমানোর। ওই আমবাগানে ক্লান্ত-বিধ্বস্ত এসব মানুষ যখন বিশ্রাম নিচ্ছিল, তখন রাজাকারদের দেওয়া খবরে বাগানটি হঠাৎ চারপাশ থেকে ঘিরে ফেলে পাকিস্তানি বাহিনী। নারীদের আলাদা করে কারও কারও ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। পরে পুরুষদের বিলের পাড়ে নিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আর গুলি করে হত্যার পর প্রায় সাড়ে ৩ হাজার পুরুষকে ফেলে দেওয়া হয় ধাপঢুপ বিলে। রক্তে লাল হয়ে যায় বিলের পানি।
ওই দিন ভাগ্যক্রমে বেঁচে যান শুকানপুকুরী এলাকার যুবক সপেন্দ্র নাথ রায়। হাতে গুলি আর কাঁধে ধারালো অস্ত্রের আঘাতে জ্ঞান হারিয়ে লাশের স্তূপে পড়ে থাকা সপেন্দ্রকে মৃত ভেবে ফেলে যায় ঘাতকেরা। হত্যাকাণ্ডের ঘণ্টাখানেক পর তাঁর জ্ঞান ফিরে এলে স্থানীয় লোকজনের সহায়তায় পালিয়ে ভারতে চলে যান। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ্ হয়ে ওঠেন তিনি।
শরীরে সেই ক্ষত নিয়ে আজও বেঁচে থাকা সপেন্দ্র নাথ (৭০) বলেন, তাঁর সঙ্গে সেদিন ক্ষেত্র মোহন, থেপু বর্মণ, শীতেন চন্দ্র, মলিন চন্দ্র নামের আরও চারজন বেঁচে গেলেও তাঁরা পরে বেশি দিন বাঁচেননি। তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের এই স্মৃতি ধরে রাখতে এখানে নাকি স্মৃতিসৌধ হবে, কই আজও তো সে কথার বাস্তবায়ন দেখলাম না।’
পাকিস্তানি সেনাদের হাতে স্বামীকে খুন হতে দেখা নারী অন্তবালা বলেন, ‘আমিও সেদিন ছোট ছোট তিন মেয়ে আর দুই ছেলেকে নিয়ে স্বামীর সঙ্গে ওই আমবাগানে আশ্রয় নিয়েছিলাম। চোখের সামনে আমার স্বামীকে ডেকে নিয়ে অন্যদের সঙ্গে হত্যা করে মিলিটারিরা। সারা জীবন অনেক কষ্ট করে এই পাঁচটা ছেলেমেয়েকে মানুষ করেছি। তেমন কোনো সাহায্য-সহযোগিতা পাইনি। এই এক বছর আগে একটা বয়স্ক ভাতার কার্ড পাইছি।’
শুকানপুকুরী এলাকার ভূষণ চন্দ্র রায় (৪৮) বলেন, ‘মায়ের কাছে শুনেছি, সেদিন আমি মায়ের কোলে ছিলাম। পাকিস্তানি হানাদাররা আমার বাবাসহ আমাদের পরিবারের সাতজনকে হত্যা করে। কিন্তু আজ স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও এই স্থানটিতে তেমন কোনো সংস্কার হয়নি। শুধু ছোট্ট একটা ভিত্তিফলক স্থাপন করা হয়েছে। কথা ছিল স্মৃতিসৌধ হবে। কিন্তু আমরা আজও দেখিনি।’
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় ইউনিট কমান্ডের কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল বলেন, ধাপঢুপ বধ্যভূমিতে স্থানীয় পর্যায়ে বিশেষ দিনগুলোতে পূষ্পস্তবক অর্পণ ও আলোচনার ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে ওই বধ্যভূমির ইতিহাস তুলে ধরতে হবে।