পঞ্চগড়ের নদ-নদীতে বিস্তীর্ণ বালিয়াড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসমুখে ভারত বাঁধ ও জলকপাট (স্লুইসগেট) নির্মাণ করায় পঞ্চগড়ের বেশির ভাগ নদ-নদী শুকিয়ে গেছে। দু-একটি নদীতে সামান্য পানি আছে। তবে স্রোত খুব একটা নেই। আবার এসব নদীর বুকে জেগেছে বালুচর। এসব চরে কৃষকেরা বোরো আবাদ করেছেন। এর বিরূপ প্রভাব পড়ছে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর।
পঞ্চগড়ের ওপর দিয়ে প্রবাহিত করতোয়া, মহানন্দা, চাওয়াই, করুম, টাঙ্গন, পাথরাজ, তালমা, পাঙ্গা, পাম, ভেরসা, ডাহুক, বেরং, গোবরা, তীরনই, রণচণ্ডী, ছোট যমুনা, ছেতনাই, পেটকি, ঘোড়ামারা, মরাতিস্তা, নাগর এখন বিস্তীর্ণ বালিয়াড়িতে পরিণত হয়েছে। এর মধ্যে মহানন্দা ও করতোয়া নদী বাদে প্রায় সবগুলোই মরে গেছে। এসব নদীর বেশির ভাগই ভারত থেকে আসা।
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলার তেঁতুলিয়া সীমান্তের বাংলাবান্ধা জিরো পয়েন্টের পশ্চিম-উত্তর কোণে মহানন্দা নদীর ওপর বিশাল বাঁধ নির্মাণ করেছে ভারত। ‘ফুলবাড়ী ব্যারাজ’ নামে খ্যাত এ বাঁধ নির্মাণের পর থেকে জেলার ওপর দিয়ে প্রবাহিত নদীগুলোতে পানি দ্রুত কমতে শুরু করে। ১৯৮৬ সালে ভারতীয় কর্তৃপক্ষ ‘তিস্তা-মহানন্দা’ বাঁধ নির্মাণ করে। প্রতিবছর শুষ্ক মৌসুমে সরু খালের মাধ্যমে এই নদী থেকে পানি নিয়ে পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের বিভিন্ন মরুকবলিত এলাকায় সেচ দিয়ে ব্যাপক আবাদ করা হচ্ছে।
জেলা পরিবেশ পরিষদের সভাপতি ও সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান তৌহিদুল বারী বলেন, নদীগুলোর উৎসমুখে ভারত বাঁধ ও জলকপাট নির্মাণ করেছে। ফলে নদ-নদীগুলো শুকিয়ে মরে গেছে। এতে ভূগর্ভস্থ পানির স্তরও দিন দিন নিচে নেমে যাচ্ছে।
ফলে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়েছে। তবে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা সম্ভব বলে তিনি অভিমত দিয়েছেন।
জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক জানান, উৎসমুখে বাঁধ নির্মাণের কারণে পঞ্চগড়ের নদ-নদীগুলো শুকিয়ে গেছে। জীববৈচিত্র্যের ওপর এর প্রভাব পড়েছে। মাছের ও পাখির বিচরণক্ষেত্র কমে যাচ্ছে। মাছ বংশ বিস্তার করতে পারছে না। নদীর বুকে বোরো আবাদ করা হচ্ছে। এসব খেতে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। কীটনাশকের প্রভাবে মাছের প্রজননক্ষমতা কমে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, টাঙ্গন নদে জলকপাট এবং জলাধার নির্মাণ করে বর্ষা মৌসুমে সম্পূরক সেচ দিয়ে বিপুল পরিমাণ জমিতে আবাদ করা হচ্ছে। ভেরসা নদীতে জলকপাট নির্মাণ করে বোরো জমিতে সেচের ব্যবস্থা করা হয়েছে। তালমা নদীতে রাবার ড্যাম নির্মাণ করা হয়েছে। তবে পানির স্তর নেমে যাওয়ায় সেচে খরচ পড়ছে বেশি। জেলার অন্যান্য নদীতেও পরিকল্পিতভাবে জলাধার নির্মাণ করা হলে স্থানীয় কৃষকেরা লাভবান হবেন।
পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার বলেন, পঞ্চগড় জেলার ওপর দিয়ে প্রবাহিত নদ-নদী ড্রেজিং করে বাঁধ ও জলকপাট নির্মাণ করতে হবে। এর সঙ্গে পানির সঠিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে কৃষিক্ষেত্রে সেচসুবিধা অব্যাহত রাখা সম্ভব। এর ফলে ধান, গমসহ অন্যান্য ফসলের আবাদ বৃদ্ধি পাবে এবং এ অঞ্চলের সাধারণ মানুষ লাভবান হবে। পরিবেশ ও জীববৈচিত্র্যের সুরক্ষা হবে।